রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের পাশ্ববর্তী একটি পুকুরে পরিত্যক্ত মর্টার শেল পাওয়া গেছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পুকুরে মাছের খাবার দেওয়ার সময় এটি লক্ষ করেন মেহেরচণ্ডী এলাকার মাছ চাষী শরীফ। পরে পুলিশ এসে সেটি ঘিরে রেখেছে। এখনও উদ্ধার করা যায়নি বলে নিশ্চিত করেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সিদ্দিকুর রহমান।
পুলিশের ধারনা, এটি ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত মর্টার শেল।
জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাটি আমাদের জানালে পুলিশ এসে সেটি জব্দ তৈরি করে এবং তাদের হেফাজতে নিয়ে ঘিরে রাখে। বর্তমানে বদ্ধভূমি এলাকার পুলিশ বক্সের পাশে ঘিরে রাখা হয়েছে এটি। র্যাবের একটি দল আসছিলো তাদের সক্ষমতা না থাকায় ফিরে গেছে। এখন সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম এসে সেটি দেখবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, এটি এখনও সক্রিয় কিনা সেটি পরীক্ষা নিরীক্ষা করতে প্রশাসনের বোম ডিস্পোজাল ইউনিট আসবে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।













































