প্রচ্ছদ দৈনিক খবর

সখীপুরে স্ত্রীর আঘাতে প্রাণ গেল স্বামীর

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

টাঙ্গাইলের সখীপুরে স্বামী-স্ত্রীর লড়াইয়ে স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার বিকেলে উপজেলার ইছাদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৯টায় লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে পাঠিয়েছে।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে স্বামীর অণ্ডকোষে স্ত্রীর আঘাতে মৃত্যুর ঘটনা ঘটে। নিহত কিতাব আলী (৪২) ওই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। পুলিশ এ ঘটনায় স্ত্রী হামিদা আক্তারকে (২৫) আটক করেছে।

পুলিশ ও গজারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজাদ বলেন, সোমবার বিকেল তিনটার দিকে কিতাব আলীর সঙ্গে তার স্ত্রী হামিদা আক্তারের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। একজন অপরজনকে কামড় দিতে থাকেন। শেষে স্ত্রী তার স্বামীর অণ্ডকোষে আঘাত করলে কিতাব আলী মাটিতে লুটিয়ে পড়েন। পরে প্রতিবেশীরা আহত কিতাব আলীকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি বাড়িতে নেওয়া হলে সন্ধ্যায় স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ রাত সাড়ে ৯টায় লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে পাঠায়।

উল্লেখ্য, কিতাব আলীর আগের দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। হামিদা আক্তার কিতাব আলীর তৃতীয় স্ত্রী। তাদের চার বছরের এক ছেলে সন্তানও রয়েছে।

সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির উদয় বলেন, লাশের শরীরে কামড়ের দাগ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কিতাব আলীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।