প্রচ্ছদ দৈনিক খবর

তীব্র দাবদাহ আরও থাকছে কয়েকদিন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সারাদেশেই চলছে তীব্র দাবদাহ। এই দাবদাহ সামনের আরও দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস এসব তথ্য জানিয়েছে। এ বিষয়ে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, গতকালের চেয়ে আজ তাপমাত্রা কিছুটা কমেছে।

তবে আগামীকালও কিছু এলাকায় দাবদাহ বয়ে যাবে। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন শ্রীমঙ্গলে ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই কারণে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, প্রায় সারা দেশেই তাপপ্রবাহ বয়ে গেলেও ঢাকায় অনুভূতিটা একটু বেশি। এর কারণ ছয়টি। তা হচ্ছে, দিনের ব্যাপ্তিকাল রাতের তুলনায় বড় হওয়ায় রাত তাপ বিকিরণ করে ধরণী ঠাণ্ডা করতে পারে না; সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কম; অতিমাত্রায় এসির ব্যবহার;

গাড়ির কার্বন বা কালো ধোঁয়া; ঢাকার আশপাশের ইটভাটার কার্বন; ঢাকাকেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠানের নিঃসরিত দূষিত পদার্থ। সূর্য মানবসৃষ্ট কারণগুলোকে আরও প্রভাবিত করায় গরম তুলনামূলক বেশি অনুভূত হচ্ছে। তিনি বলেন, তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকায় অনেকটা রক্ষা। নইলে মানুষের অনেক ঘাম হতো। এতে পরিস্থিতি আরও খারাপ হতো। সোমবার (২৬ এপ্রিল) সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী,

যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। গত সপ্তাহ থেকেই প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। রোববার ( ২৫ এপ্রিল) চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা সাত বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এর আগে ২০১৪ সালের এই দিনে অর্থাৎ ২৫ এপ্রিল চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এছাড়া দেশের অন্যান্য এলাকার তাপমাত্রাও গতকাল অনেক বেশি ছিলো।