যদি কেউ বলে, আর মাত্র তিন মাস পরেই ৪০ পেরোবেন শোয়েব মালিক- তাহলে আপনি তাকে ‘পাগল’ বলতেই পারেন। বিশেষ করে, আজ (রোববার) শারজায় শোয়েব মালিকের ব্যাটে ঝড় যারা দেখেছেন, তারা তার বয়স নিয়ে ধন্ধে পড়বেন, এটাই স্বাভাবিক। স্কটল্যান্ডের বিপক্ষে ১৮ বলে রেকর্ডবুক তছনছ করা ফিফটি করলেন মালিক।শারজায় আজ (রোববার) স্কটল্যান্ডের বিপক্ষে
পাকিস্তানের ১৫ ওভারে ১১২ রানে তিন উইকেট পড়ার পর ব্যাটিংয়ে আসেন মালিক। নিজের প্রথম তিন বলে মাত্র চার রান নিয়েছিলেন তিনি। এরপর ১৭ তম ওভারের চতুর্থ বলে মার্ক ওয়াটকে ডিপ এক্সট্রা কভার দিয়ে ছক্কা মেরে জানান দেন, ‘পিকচার আভি বাকি হ্যায়।’ একের পর এক ছক্কায় স্কটিশদের নাজেহাল করতে থাকেন শোয়েব মালিক। সবচেয়ে ভালো ‘পিকচার’টা মালিক দেখিয়ে দেন
শেষ ওভারে বোলিং করতে আসা ক্রিস গ্রিভসকে। স্কটিশ লেগস্পিনারকে ৩ ছক্কা ও এক চার মেরে তুলে নেন এবারের টুর্নামেন্টের যৌথ দ্রুততম ফিফটি (১৮ বলে ৫০)। ঝড়ো ইনিংস খেলার পথে শোয়েব মালিক হাঁকিয়েছেন ৬টি ছক্কা এবং একটি বাউন্ডারি। মালিকের এই ফিফটি এবারের টুর্নামেন্টের যৌথভাবে দ্রুততম। এই স্কটল্যান্ডের
বিপক্ষেই দুবাইয়ে ৫ নভেম্বর ১৮ বলে ৫০ করেছিলেন ভারতের ওপেনার লোকেশ রাহুল। মালিক ও রাহুলের ফিফটির রেকর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম। ১৮ বলে ফিফটি করে মালিক-রাহুলদের আরও এক সঙ্গী হচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৮ বলে ফিফটি করেছিলেন অসি এই অলরাউন্ডার।













































