প্রচ্ছদ দৈনিক খবর

১০ হাজার কনস্টেবল নেবে পুলিশ, শিক্ষাগত ও শারীরিক যোগ্যতায় পরিবর্তন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ঢাকা- ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রায় ১০ হাজার কনস্টেবল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। আগামী মাসেই (জুন) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।পুলিশের মানবসম্পদ ব্যবস্থাপনা শাখার একটি সূত্র জানায়, কয়েকটি বিষয় চূড়ান্ত হলেই আগামী জুন মাসের মাঝামাঝিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে এবারের নিয়োগে গতানুগতিক ধারার চেয়ে শিক্ষাগত ও শারীরিক যোগ্যতায় কিছুটা পরিবর্তন আনা হবে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, কনস্টেবল পদে আগে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড ছিল ন্যূনতম জিপিএ-২.৫ সহ এসএসসি বা সমমান। এবার সেটি বাড়িয়ে এইচএসসি বা সমমান করা হতে পারে। শুধু তাই নয়, নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেওয়া থাকলেও শিক্ষাসহ অন্যান্য যোগ্যতায় যারা এগিয়ে থাকবেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়া এবার নিয়োগের ক্ষেত্রে উচ্চতা ও বুকের মাপে কিছুটা পরিবর্তন আনা হতে পারে। এতদিন পুরুষদের কনস্টেবল হওয়ার জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি ও নারীদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি ছিল। এবার নিয়োগ বিজ্ঞপ্তিতে নারীদের উচ্চতার মানদণ্ড ৫ ফুট ৪ ইঞ্চি করা হতে পারে। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছর।

বর্তমানে বাংলাদেশ পুলিশে ২ লাখ ১২ হাজারের মতো সদস্য রয়েছেন। ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধাপে ধাপে আরও ৫০ হাজার পুলিশ নিয়োগের নির্দেশনা দেন। তার অংশ হিসেবে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে।পুলিশ সদর দপ্তরের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা জানান, নিয়োগ ও নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করতে নিয়োগবিধিতে কিছু সংশোধনী আনা হচ্ছে। এটা শেষ করতে আরও মাসখানেক লাগতে পারে। সেটা শেষ হলেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।