প্রচ্ছদ দৈনিক খবর

স্মিথ-স্টার্কদের কথা না শুনলে চাকরী শেষ অস্ট্রেলিয়ান কোচের!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

প্রতি মৌসুম শেষেই খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফসহ সার্বিক পারফরম্যান্সের মূল্যায়ন করা হয় অস্ট্রেলিয়ান ক্রিকেটে। এবারের সেই সমীক্ষায় খেলোয়াড়, সাপোর্ট স্টাফসহ সর্বমোট ৪০ জন নিজেদের মতামত জানিয়েছেন, যেখানে বেশিরভাগই অস্ট্রেলিয়ার বর্তমান প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের কোচিং দর্শনে অসন্তুষ্টির কথা জানিয়েছেন।

কোচের চাকরি বাঁচাতে তাই অবশ্যই নিজের কোচিং দর্শন পাল্টাতে হবে জাস্টিন ল্যাঙ্গারকে। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড তাদের প্রতিবেদনে জানিয়েছে, বছরের বাকি সময়টায় অস্ট্রেলিয়া দলের পারফরম্যান্স কেমন হবে, তার উপরেই ল্যাঙ্গারের ভাগ্য নির্ধারিত হবে। এ বছরের শেষেই ল্যাঙ্গারের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। এ সময়ের মধ্যে নিজের ভুল শুধরাতে না পারলে চুক্তি নবায়ন করবেনা সিএ।

বছরের শুরুতে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ হেরে বসে অস্ট্রেলিয়া। মূলত এরপর থেকেই জাস্টিন ল্যাঙ্গারের কোচিং কঠোরতা নিয়ে দলের একাংশ অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন। সাথে ঘন ঘন কোচের মেজাজ এবং ভাবনা বদল নিয়ে অভিযোগ ছিলো তাদের। এ মৌসুমের মূল্যায়ন শেষে ড্রেসিং রুমে ক্রিকেটাররা আরও বেশি কর্তৃত্ব পেতে চলেছেন। দলের নেতৃত্বে থাকা পরামর্শদাতা টিম ফোর্ড নিজের তরফে একটি পর্যালোচনা করেছেন।

আগামী সপ্তাহে সেই প্রতিবেদন টিম পেন, প্যাট কামিন্স এবং অ্যারন ফিঞ্চের কাছে জমা দেওয়ার কথা। ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তা বেন অলিভার অবশ্য এ প্রসঙ্গে এক বিবৃতিতে বলেছেন, “ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৯ অ্যাশেজের আগে আমরা ঠিক এই কাজই করেছিলাম। দলও বেশ ভাল খেলেছিল। মাঠ এবং মাঠের বাইরে সবকিছুর উন্নয়নে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম এসব সে প্রক্রিয়ারই অংশ। আশা করা যায় টি-২০ বিশ্বকাপ এবং অ্যাশেজের আগে দলের মনোবল চাঙ্গা হয়ে উঠবে।