প্রচ্ছদ দৈনিক খবর

সমগ্র ভারতবর্ষকে বাংলা পথ দেখিয়েছে :  অভিষেক বন্দ্যোপাধ্যায়

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘সমগ্র ভারতবর্ষকে বাংলা পথ দেখিয়েছে।’ তিনি আজ (সোমবার) কোলকাতায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে রাজ্যে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপিকে  মোকাবিলা করে তৃণমূলের বিপুল জয় প্রসঙ্গে ওই মন্তব্য করেন।  

অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেন, ‘বাংলা দৃষ্টান্ত স্থাপন করেছে। ‘বাংলা ‘বহিরাগত’দের কাছে বশ্যতা স্বীকার করেনি, আত্মসমর্পণ করেনি, মাথানত করেনি। এই বাংলার মাটি যে দুর্জয় ঘাঁটি তা বাংলার মানুষ প্রমাণ করেছে।’

বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপি’র প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে অভিষেক বলেন, ‘এই লড়াই নিশ্চিতভাবে তৃণমূল বনাম বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদি তো ছিলই। একইসঙ্গে বাংলার মানুষের সাথে একনায়কতন্ত্রের লড়াই ছিল। যেভাবে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানকে শেষ করে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে বাংলার মানুষের লড়াই ছিল। এটাকে কেবল তৃণমূল বনাম বিজেপি বলা ঠিক নয়। বাংলার মানুষ তাঁদেরকে যোগ্য জবাব দিয়েছে। এই লড়াই কেবলমাত্র বাংলার মাটিতে সীমিত ছিল না। গোটা ভারতের মানুষ তা সে তামিলনাড়ু হোক, কর্ণাটক হোক, অন্ধ্র প্রদেশ হোক, উত্তর-পূর্বের অসম হোক, দিল্লী, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থানসহ বিভিন্ন রাজ্যের মানুষ বাংলায় নির্বাচনের ফল কী হতে চলেছে তা জানার জন্য মুখিয়ে ছিল। যেভাবে বাংলার মানুষ জবাব দিয়েছে, বাংলার মানুষ রায় দিয়েছে তা সারা দেশের মধ্যে আশার সৃষ্টি হয়েছে।’

তিনি কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেন, ‘যেভাবে এজেন্সিকে কাজে লাগিয়ে, গায়ের জোরে, মাসল পাওয়ার, মাফিয়া পাওয়ার, মানি পাওয়ার, এজেন্সি পাওয়ার সব মিলিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করা হয়েছিল তাতে কোনও এজেন্সি বাদ ছিল না। ইডি,  সিবিআই, এসএফআইও, ইনকাম ট্যাক্সসহ কোনও এজেন্সি বাদ নেই। এমনকী এই নির্বাচনে দুর্ভাগ্যজনকভাবে আমরা নির্বাচন কমিশনের ভূমিকাও নিরপেক্ষ পাইনি।’   

‘সমস্ত প্রতিকূলতা পার করে ২৯২ আসনের মধ্যে ২১৩ আসনে তৃনমূলকে জিতিয়ে বাংলার মানুষ প্রমাণ করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বাংলায় নেই’ বলেও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি মন্তব্য করেন।