প্রচ্ছদ দৈনিক খবর

মেসির বার্সেলোনায় যোগ দিলেন আগুয়েরো

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দুই দিন পরই জন্মদিন। তার আগেই সুখবরটা জানালেন সের্হিও আগুয়েরো। ক্লাব ফুটবলে প্রিয় বন্ধুর সঙ্গে কখনো খেলেননি। অবশেষে লিওনেল মেসির সঙ্গে খেলার সুযোগ মিলছে তাঁর। আজ আনুষ্ঠানিকভাবে আর্জেন্টাইন স্ট্রাইকারকে দলে টানার ঘোষণা দিয়েছে বার্সেলোনা।

মেসি যদি বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেন, তাহলে প্রথমবারের মতো ক্লাব ফুটবলে মেসি-আগুয়েরো জুটি দেখা যাবে আগামী মৌসুমে। ৩৩ পূর্ণ করতে যাওয়া আগুয়েরোকে দুই বছরের জন্য দলে টেনেছে বার্সেলোনা। ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁকে নিতে কোনো অর্থ খরচ করতে হয়নি বার্সাকে। দুই বছরের জন্য দলে টানা আগুয়েরোকে যেন অন্য কোনো ক্লাব মাঝপথে লোভ দেখিয়ে টেনে নিয়ে যেতে না পারে,

সেটাও নিশ্চিত করেছে বার্সেলোনা। আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য ১০০ মিলিয়ন বা ১০ কোটি ইউরো বাইআউট ক্লজ নির্ধারণ করা হয়েছে। গত শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসির কাছে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। ১-০ গোলের সে পরাজয়ে সিটি সমর্থকদের দেওয়া একটি প্রতিজ্ঞা পূরণ করা হয়নি। তাঁর সেরা সময়ে যখন ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছিল, তখন বলেছিলেন, চ্যাম্পিয়নস লিগ না জিতে ক্লাব ছাড়বেন না।

কিন্তু পড়তি সময়ে ক্লাবই উল্টো তাঁকে ছেড়ে দিয়েছে। প্রায় এক দশক ক্লাবে কাটিয়েছেন। জিতেছেন ৫টি লিগ শিরোপা ও ৬টি লিগ কাপ, সব মিলিয়ে ১৫টি শিরোপা জিতেছেন কিন্তু চ্যাম্পিয়নস লিগ আর জেতা হয়নি তাঁর। ক্লাবের আর্থিক অবস্থা ভালো নয় বলে এবারের দলবদলের বাজারে চমৎকার এক পথে হাঁটছে বার্সেলোনা। অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এমন খেলোয়াড়দের দলে টানছে বার্সেলোনা।

লিওঁ থেকে ফরোয়ার্ড মেম্ফিস ডিপাইকে নেওয়ার কথা চলছে। লিভারপুল থেকে আরেক ডাচ জর্জিনিও ভাইনালডামের সঙ্গেও কথা পাকা তাদের। আগুয়েরোর মতোই সিটি থেকে মুফতে নেওয়া হচ্ছে তরুণ ডিফেন্ডার এরিক গার্সিয়াকে। এর মধ্যে আগুয়েরোর চুক্তিটা অন্য কারণে বেশি গুরুত্বপূর্ণ। কারণ, মেসিকে ভালো চুক্তি ও চ্যাম্পিয়নস লিগ জেতার মতো স্কোয়াড গড়ার আশা দেখিয়ে ধরে রাখতে চায় বার্সেলোনা।

সেই সঙ্গে জাতীয় দলের অন্যতম প্রিয় বন্ধু, যাঁর সঙ্গে হোটেল রুম ভাগাভাগি করার অভিজ্ঞতা আছে, এমন এক খেলোয়াড়কে দলে টেনে মেসির জন্য টোপ দিয়ে রাখল বার্সেলোনা।