প্রচ্ছদ দৈনিক খবর

মাঠে ফিরেই আবার ছিটকে গেলেন আর্চার

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আঙুলের অস্ত্রোপচারের কারণে আইপিএলে খেলা হয়নি ইংলিশ পেসার জোফরা আর্চারের, এরপর পুনর্বাসন প্রক্রিয়া শেষে এ মাসের শুরুতে সাসেক্সের দ্বিতীয় একাদশের হয়ে মাঠে ফিরেন তিনি। তবে মাঠে ফেরাটা দীর্ঘ হলো না, জাতীয় দলের হয়ে মাঠে নামাত আগেই ছিটকে গেলেন আর্চার।

ডান কনুইয়ের পুরোনো ব্যথা নতুন করে দেখা দেওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না জোফরা আর্চার, এমন কি যেতে হতে পারে আবারও অস্ত্রোপচার টেবিলে। গত বছরের জানুয়ারি থেকেই ডান কনুইয়ের চোট ভোগাচ্ছে আর্চারকে, ভারতের বিপক্ষে সিরিজের আগে অস্ত্রোপচারের আলোচনা থাকলেও আঙুলে অস্ত্রোপচার করানো হয়। এপ্রিলের শুরুতেই হালকা অনুশীলনে ফিরেন আর্চার, তবে আনুষ্ঠানিক ভাবে মাঠে ফিরেন এ মাসের শুরুতে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে।

গত বৃহস্পতিবার কেন্টের বিপক্ষে প্রথম ইনিংসে ১৩ ওভার বোলিং করে নেন ২ উইকেট, তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫ ওভার বোলিং করার পর ডান কনুইয়ে ব্যথা অনুভব করেন। যে ব্যথা সেই ম্যাচ থেকে তো বটেই, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে দিয়েছে আর্চারকে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জোফরা আর্চারের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, “ইংল্যান্ড ও সাসেক্স মেডিকেল টিম আর্চারকে পর্যবেক্ষণ করবে, এরপর তার কনুইয়ের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

২ জুন থেকে শুরু হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দুই ম্যাচ সিরিজের টেস্ট, এই সিরিজ দিয়েই ইংলিশদের এবারের গ্রীষ্ম শুরু হতে যাচ্ছে। এই সিরিজ মিস করলেও আগষ্টে ভারতের বিপক্ষে ৫ টেস্ট ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বছরের শেষ দিকে অ্যাশেজে আর্চারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ইসিবি।