ভূমিকা: আমরা জানি যে, গণমাধ্যম হিসেবে রেডিওর ভূমিকা অপরিসীম। প্রযুক্তি উদ্ভাবনের সূচনালগ্ন থেকেই রেডিও ব্যবহৃত হয়ে আসছে। আমরা এ প্রবন্ধে রেডিও তেহরান সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করতে চাই।
রেডিও তেহরানের পরিচিতি:
রেডিও তেহরান ইরান কর্তৃক পরিচালিত একটি সংবাদ সংস্থা, যা বিশ্বের বহু ভাষাভাষী মানুষের মাঝে সংবাদ প্রচার করে আসছে। ১৯৮২ সালের ১৭ এপ্রিল থেকে রেডিও তেহরানের বাংলা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তারপর ২০১৬ সাল থেকে রেডিও তেহরান তার পূর্ববর্তী অভিজ্ঞতার আলোকে মূল ধারার গণমাধ্যম হিসেবে কাজ শুরু করেছে। রেডিও তেহরান বাংলা, হিন্দি, উর্দু, পশতু, আলবেনিয়সহ বিভিন্ন ভাষায় সংবাদ প্রচার করে আসছে।
গণমাধ্যম হিসেবে রেডিও’র ভূমিকা:
বহু বছর আগে থেকেই মানুষ তথ্য শ্রবণের জন্য রেডিও ব্যবহার করে আসছে। নিয়মিত খবর শোনা, গান শোনা, তথ্যভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান শোনা, ধর্মীয় আলোচনাসহ বিচিত্র রকমের অনুষ্ঠান প্রচারিত হয় রেডিওতে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ থেকে শুরু করে শহরের কর্মজীবী মানুষ সবাই রেডিও ব্যবহার করে থাকে বিনোদন এবং তথ্য সংগ্রহের মাধ্যম হিসেবে। বর্তমান ডিজিটাল যুগে এফ এম রেডিওর মাধ্যমে এবং অনলাইন রেডিওর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মুহূর্তেই দেশ-বিদেশের সর্বশেষ খবরাখবর রাখতে পারে।
রেডিও তেহরান ও বর্তমান বিশ্ব:
বর্তমান বিশ্বে অতিমাত্রায় সংবাদমাধ্যমের জন্ম হওয়ায় ভ্রান্তিমূলক তথ্য প্রচার জনিত সমস্যার সৃষ্টি হয়। কারণ আমরা জানি সংবাদ ও তথ্য প্রচারের জগতে অসংখ্য হলুদ সাংবাদিক আছেন যারা বিভিন্ন কারণে পক্ষপাতিত্ব করে থাকেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার থেকে বিরত থেকে অসত্য ও মিথ্যা তথ্য প্রচার করে থাকেন। এহেন প্রতিকূল সময়ে রেডিও তেহরান তাদের অনুষ্ঠানমালাকে হরেক রকমের বিনোদনভিত্তিক, সংবাদমূলক এবং শিক্ষণীয় বিভিন্ন প্রকার অনুষ্ঠান দিয়ে সাজিয়ে প্রচার করে থাকে, যা দেশবাসীর কাছে খুবই প্রশংসিত। বিশেষ করে বাচ্চাদের জন্য রেডিও তেহরানের সুন্দর ও শিক্ষণীয় অনুষ্ঠানমালা। ইসলামের ইতিহাস, আহলে বাইত ও সাহাবীদের জীবনী, পারিবরিক বিভিন্ন বিষয়ে মূল্যবান প্রবন্ধ, সন্তান প্রতিপালনের পদ্ধতি, কুইজ প্রতিযোগীতা এবং পাঠক-শ্রোতাদের নিয়ে ফোনালাপসহ আরো অনেক রকম অনুষ্ঠান প্রচারিত হয় যা সত্যিকার অর্থে রেডিও তেহরানের অনবদ্য ও প্রশংসনীয় উদ্যোগ।
রেডিও তেহরান ও আগামীর বিশ্ব:
ব্যক্তিগত অভিমত হিসেবে আমি বলতে পারি যে, রেডিও তেহরান যেভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাতে ভবিষ্যতে গণমাধ্যম জগতে রেডিও তেহরান যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রথম সারির সংবাদ মাধ্যম হিসেবে পরিচিতি পাবে তা অনায়াসেই বলা যায়। কারণ তাদের সততা, স্বচ্ছতা এবং বস্তুনিষ্ঠতা তাদের উন্নতির সোপানকে অত্যাধিক পরিমাণে ত্বরান্বিত করবে।
সেই ছোটবেলায় দেখতাম আমার বাবা প্রতিদিন রাতে নির্দিষ্ট সময় রেডিও অন করে বসে যেতেন রেডিও তেহরানের সংবাদ শোনার জন্য। প্রকৃতপক্ষে রেডিও তেহরানের সংবাদ শোনার জন্য এখনও অসংখ্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে। রেডিও তেহরান তাদের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে বাধা-বিপত্তি উপেক্ষা করে সামনে এগিয়ে চলছে এবং ভবিষ্যতে আরো সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
উপসংহার:
উপরোক্ত সংক্ষিপ্ত পরিসরে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে, রেডিও তেহরান গণমাধ্যম জগতে বিশ্ববাসীর কাছে বিশেষত বাংলাদেশের মানুষের কাছে খুবই পরিচিত ও প্রিয় একটি গণমাধ্যম। বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা দিয়ে রেডিও তেহরানের পাঠক ও শ্রোতাদেরকে মনোরঞ্জন করা হয়ে থাকে। এটা যে শুধু বয়স্কদের জন্যই বিনোদনের একটি মাধ্যম তা নয়; বরং এটি ছোট্ট সোনামনিদের জন্যও বিনোদনের একটি সুন্দর ও উপযুক্ত প্লাটফর্ম।
লেখক: নাজমুল হক, ছাত্র, কোম, ইরান।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩
bangla news।













































