আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ মিলে এই সফরে ৬টি টেস্ট খেলবে কোহলির দল। করোনা মহামারির জেরে স্থগিত হয়ে গেছে আইপিএল। এখন ভারতীয় দলের ভাবনায় শুধুই আন্তর্জাতিক সিরিজের ভাবনা।
আরো দেখুন ভিডিওঃ ভারত কেনো একজন “সাকিব” পায় না ?
আগেই বিসিসিআই থেকে ইংগিত দিয়ে রেখেছিল ইংল্যান্ড সফর ছাড়াও জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে যেতে পারে ভারত। যার জন্য ইংল্যান্ডে যাওয়া দলের বাইরের প্লেয়ারদের প্রস্তুতি নিতে বলা হয়েছিল। অর্থাৎ এই সফরে সম্পূর্ণ আলাদা একটি দল পাঠাবে বিসিসিআই। শ্রীলঙ্কা চেনা কন্ডিশন হওয়ায় ভারতের ভাবনা জুড়ে এখন ইংল্যান্ড সফর। ইংল্যান্ড সফরের জন্য ইতোমধ্যে ২০ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় বোর্ড।
একসাথে দলে আছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবিন্দ্র জাদেজা। গতবার ব্রিটিশ মুলুকে ভালো করতে পারেনি ভারত। এবার সেই বাজে পারফরম্যান্সের পুনরাবৃত্তি চাচ্ছে না ভারত। তাই বিলেতের মাটিতে ভালো করার জন্য উপায় বাতলেছেন ভারতের বয়সভিত্তিক দলের কোচ রাহুল দ্রাবিড়। তিনি বলেন, “যেভাবে অশ্বিন ও জাদেজা শেষ কয়েকটি টেস্ট ম্যাচে ব্যাট করেছে, ওরা দু’জনে ভারতীয় দলের ভারসাম্য বজায় রাখতে পারে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি ইংল্যান্ড এখন স্পোর্টিং উইকেটে, গ্রীষ্মকালে সূর্য উঠলে ম্যাচের চতুর্থ এবং পঞ্চম দিনে বল ঘোরে।
এমন অবস্থায় ভারতের কাছে দুটি দুর্দান্ত স্পিনার রয়েছে, যাদের একসঙ্গে খেলানো যেতেই পারে। অতীতে ভারতীয় দলে অশ্বিন ও জাদেজাকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা সফল হয়েছে এবং ভবিষৎ-এ আবারও এই পরিকল্পনা সফল হতেই পারে।” এদিকে ইংল্যান্ড সফরের হেড কোচের দায়িত্ব রবি শাস্ত্রীর কাছে থাকলেও ভারতের শ্রীলঙ্কা সফরের হেডকোচ হিসেবে নিয়োগ দেয়া হতে পারে দ্রাবিড়কে। একা দ্রাবিড়কেই নয়, বরং ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে দ্রাবিড়ের নেতৃত্বাধীন কোচিং স্টাফদের প্রয়োজন মতো ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় দেখা যেতে পারে।













































