করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৯৮ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮২ এবং শনাক্তের সংখ্যা ৪৮ হাজার ৪৩৭ জনে।শুক্রবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ২৪২ নমুনা পরীক্ষায় ২৯৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২৪৪ জন এবং উপজেলার ৫৪ জন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২১ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৪৪ জনের করোনা শনাক্ত হয়।
একই সময়ে, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২০ জন, শেভরণ হাসপাতাল ল্যাবে ৫৭ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮ জন এবং জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৬ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ঘোষিত কঠোর লকডাউনের পর গতকাল চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
এসব অভিযানে ৩৩ মামলায় মোট ১৮ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সচেতনতার জন্য ৯০০ মাস্ক বিতরণ করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং লকডাউন বাস্তবায়নে আজও চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানা গেছে।












































