বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে আইন মন্ত্রণালয় ‘না’ বলে মতামত দিয়েছে। সাজাপ্রাপ্ত কোনও ব্যক্তির দেশের সীমানার বাইরে যাওয়ার বা পাঠানোর কোনও সুযোগ না থাকায় এই মতামত দেয়া হয়। মন্ত্রণালয়ের সুপারিশে বলা হয়েছে সাজাপ্রাপ্ত কোনও ব্যক্তির দেশের সীমানার বাইরে যাওয়ার বা পাঠানোর কোনও সুযোগ আইনে নেই।
এক্ষেত্রে খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত। তাকে বিদেশে পাঠাতে হলে আগে দণ্ড মওকুফ করতে হবে। আদালত যেহেতু তাকে সাজা দিয়েছেন তাই তার দণ্ড মওকুফের একমাত্র ক্ষমতা আছে রাষ্ট্রের। এখনই রাষ্ট্রই তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এর আগে, সকালে আইন সচিব গোলাম সারওয়ার জানান, আইন মন্ত্রণালয়ের দেওয়া মতামতের কপি সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে।
এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। এরপর সিদ্ধান্তের জন্য তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হতে পারে। বুধবার (৬ মে) রাত ৮টায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিদেশে চিকিৎসা করতে যাওয়ার আবেদনটি করেন বেগম জিয়ার ভাই শামীম ইস্কান্দার।
এরপর আবেদনটির আইনি দিক পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর তিন দিন পর রোববার মতামত দিল আইন মন্ত্রণালয়। তবে এখনো সরকারের গ্রিন সিগন্যাল মেলেনি। এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।











































