আইপিএলে গত কয়েক মৌসুম ধরেই ব্যাট হাতে দুর্দান্ত সাঞ্জু স্যামসন, এবারের আইপিএলেও প্রথম ম্যাচেই তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। যদিও ম্যাচ জেতাতে পারেননি স্যামসন, পরের ৩ ম্যাচে সেঞ্চুরির সেই পারফর্মেন্স ধরে রাখতে পারেননি; দেখা মিলেনি ধারাবাহিকতারও।
পাঞ্জাব কিংসের বিপক্ষে ১১৯ রানের দুর্দান্ত ইনিংসের পরের ৩ ম্যাচে রান করেছেন ৪, ১ ও ২১ রান। এর মধ্যে রাজস্থান রয়্যালস ১ টা ম্যাচ জিতলেও প্রতিটা ম্যাচেই টপ অর্ডারের ব্যর্থতায় ভুগেছে তারা, বেন স্টোকসদের অনুপস্থিতিতে ব্যাটিংয়ে মুল দায়িত্বটা সাঞ্জু স্যামসনের হলেও তিনি ব্যর্থ। প্রথম ম্যাচে সেঞ্চুরি, পরের ৩ ম্যাচেই ব্যর্থ। সাঞ্জু স্যামসনের এই ধারাবাহিকতার অভাবের কারণেই দুর্দান্ত পারফর্মেন্সের পরেও জাতীয় দলে সুযোগ পান না বলে মনে করেন ভারতীয় সাবেক ব্যাটার সুনিল গাভাস্কার।
ধারাবাহিকতার বিষয়টি উল্লেখ করে গাভাস্কার বলেন, “অধিনায়ককে দায়িত্ব নিতে হয়, প্রথম ম্যাচে ও সেটা করলেও তারপর আর সেভাবে খেলতে পারছে না। এটাই ওর সমস্যা, রান করলেও ধারাবাহিকতার অভাব রয়েছে। সেই কারণেই জাতীয় দলে সুযোগ পায় না ও।” গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ১৮ রানেই ৩ উইকেট হারিয়ে রাজস্থান ধুকছিলো, সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্বটা সাঞ্জু স্যামসনেরই ছিল।
কিন্তু তিনি সেটা পারেননি, উল্টো ওয়াশিংটন সুন্দরকে মারতে গিয়ে ১৮ বলে ২১ রান করে আউট হয়ে দলকে বিপর্যয়ের মুখে ফেলেন।










































