করোনায় ভারতীয় ভ্যারিয়েন্ট সন্দেহে নীলফামারীর সৈয়দপুর শহরে পুরাতন বাবুপাড়ায় প্রশাসন একটি পরিবারকে লকডাউন করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই বাড়িতে লাল নিশান ও লকডাউন বোর্ড স্থাপন করেছেন।
পরিবারটি করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বহন করছেন কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার জানান, পুরাতন বাবুপাড়ার বাসিন্দা মো. আবু রায়হান (৩০) নামের এক ব্যক্তি গত মাসে চিকিৎসার জন্য ভারতে যান।
তিনি গত ২৩ এপ্রিল ঢাকায় আসেন। সেখানে অসুস্থবোধ করলে গত ২৭ এপ্রিল টেস্ট করলে করোনা পজিটিভ শনাক্ত হয়। তিনি জানান, আইসোলেশন সময় অতিক্রম না করেই তিনি চলে আসেন নিজ শহর সৈয়দপুরে।
তার স্ত্রী সন্তানও করোনা পজিটিভ বলে জানান তিনি। পরিবারটিকে আগামী ১৯ মে পর্যন্ত হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়ে বাড়িটি পূর্ণাঙ্গ লকডাউন করা হয়েছে।এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ জানান, যেহেতু ওই ব্যক্তি ভারত থেকে এসেছেন সেহেতু আমরা বিষয়টি গভীর পর্যবেক্ষণে রেখেছি।
এদিকে স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানায়, ওই পরিবারটি ভারতীয় ভ্যারিয়েন্ট বহন করছে কী না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কাজেই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।













































