প্রচ্ছদ দৈনিক খবর

করোনাভাইরাস ছড়ানো নিয়ে নয়া দাবি; প্রত্যাখ্যান করল চীন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

চীনের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়ানোর মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে চীন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গিউ বলেছেন, চীনের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে যেসব দাবি করা হচ্ছে তা ভিত্তিহীন এবং বেইজিং এ ধরণের তৎপরতার নিন্দা জানাচ্ছে।

চীনা মুখপাত্র আরও বলেন, কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তিস্থল নির্ণয় একটি বৈজ্ঞানিক বিষয়। বিশ্বের সব বিজ্ঞানীর উচিৎ এ বিষয়ে চেষ্টা চালানো। এ নিয়ে রাজনীতি করা উচিৎ নয়।

মার্কিন দৈনিক ওয়ালস্ট্রিট জার্নাল নতুন করে এক প্রতিবেদনে দাবি করেছে, চীনের উহানের একটি গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে যা অনুমান করা হচ্ছে তা নিয়ে আরও তদন্তের প্রয়োজন। এই অনুমানের ভিত্তি রয়েছে বলেও তাতে দাবি করা হয়েছে।

২০২০ সালের মে মাসে ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরি’র এ সংক্রান্ত এক গবেষণার প্রতিবেদনের ভিত্তিতে এ দাবি করা হয়েছে। তবে লরেন্স লিভারমোর গবেষণাকেন্দ্র ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের ওপর কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই এর উৎপত্তির জন্য চীনকে দায়ী করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প করোনাভাইরাসকে চীনা ভাইরাস হিসেবে অভিহিত করতেন।#  

পার্সটুডে/এসএ/৮

bangla news।