সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের অভিজ্ঞতার কাছে হেরে গেল জিম্বাবুয়ে। অন্যদিকে এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে পাকিস্তান।রোববার (২৫ এপ্রিল) হারারে স্পোর্টস স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ২৪ রানে হারিয়েছে পাকিস্তান।
শুরুতে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ পায় বাবর আজমের দল। জবাবে ২০ ওভার ব্যাটিং করেও ৭ উইকেট হারিয়ে ১৪১ রান তুলতে পারে জিম্বাবুয়ে।এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সময়ে ২০০০ রানের রেকর্ড এতদিন ছিল বিরাট কোহলির দখলে। সেই রেকর্ডের নতুন মালিক এখন বাবর আজম। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে এই রেকর্ড গড়েন বাবর।
২০০০ রানের মাইলফলক স্পর্শ করতে ভারতীয় অধিনায়ক কোহলির লেগেছিল ৫৬ ইনিংস। তার চেয়ে ৪ ইনিংস কম খেলেই রেকর্ড নিজের করে নিলেন পাকিস্তানি অধিনায়ক।বাবর ও কোহলির পর সবচেয়ে দ্রুততম সময়ে ২০০০ রানের মাইলফলকের তালিকায় আছেন যথাক্রমে অ্যারন ফিঞ্চ (৬২), ব্রেন্ডন ম্যাককালাম (৬৬) ও মার্টিন গাপটিল (৬৮)। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের হিসেবে বাবরের চেয়ে এখনও যোজন যোজন ব্যবধানে এগিয়ে আছেন কোহলি।
৯০ ম্যাচের ৮৪ ইনিংসে ব্যাট করে তালিকার শীর্ষে থাকা কোহলির সংগ্রহ এখন পর্যন্ত ৩১৫৯ রান। ৫৪ ম্যাচের ৫২ ইনিংসে ব্যাট করে বাবরের সংগ্রহ ২০৩৫ রান। পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান আছেন তালিকার একাদশ স্থানে।











































