আলোচিত বক্তা মুফতি আমির হামজাকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। সোমবার (২৪ মে) বিকাল পাঁচটার দিকে কুষ্টিয়ার হালসায় নিজ বাড়ি থেকে সাদা পোশাকের কয়েকজন তাঁকে নিয়ে গেছে বলে জানিয়েছেন তাঁর শ্যালক আবু বকর।
বাংলাভিশন ডিজিটালকে তিনি বলেন, ওয়াজ মাহফিলের তারিখ চাওয়ার জন্য এসেছেন বলে কয়েকজন আমির হামজার সংগে কথা বলতে চান। তাদের বাসার ভেতরে নেওয়া হলে কিছু সময় কথা বলে পরে তাঁকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়।
তবে তাঁকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা জানায়নি। ওয়াজ-মাহফিল ও ইউটিউবে উগ্রবাদ প্রচার করার অভিযোগে ২০১৯ সালের মার্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা-২ থেকে ১৫ জন বক্তার একটি তালিকা তৈরি করে প্রতিবেদন দেওয়া হয়।
ইতিমধ্যে এদের অনেকেই গ্রেফতার হয়েছেন। সেই তালিকায় মুফতি আমির হামজার নামও ছিলো। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় ওয়াজকারী মুফতি আমির হামজা দ্রুত জনপ্রিয়তা পাওয়া বক্তাদের মধ্যে অন্যতম। ১৯৯১ সালে কুষ্টিয়া জেলায় তাঁর জন্ম। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে “আল-কুরআন” বিষয়ে অনার্স ও মাস্টার্স করেছেন তিনি।













































