প্রচ্ছদ দৈনিক খবর

ঈদের আগেই শিক্ষার্থীদের জন্য সুখবর

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

উপবৃত্তির বকেয়া টাকা দেওয়ার সিদ্ধান্ত আগেই হয়েছে। এবার প্রাথমিকের শিক্ষার্থীদের কিট অ্যালাউন্স বাবদ আরও এক হাজার টাকা অগ্রিম দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই টাকায় শিক্ষার্থীরা জামা, জুতা ও ব্যাগ কিনবে।

সরকারের পক্ষ থেকে দেওয়া এই টাকা শিগগিরই অভিভাবকদের মোবাইল অ্যাকাউন্টে চলে যাবে বলে জানিয়েছে উপবৃত্তি প্রকল্প। এর জন্য ৯ মে থেকে শুরু হবে তথ্য অন্তর্ভুক্তি। ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদের পিইএসপি পোর্টালে ২৫ মে পর্যন্ত তথ্য অন্তর্ভুক্ত করা যাবে।

এ বিষয়ে বুধবার (২৮ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে একটি আদেশ প্রকাশিত হয়েছে।ওই আদেশে বলা হয়েছে, ২০২০-২১ অর্থবছরের তৃতীয় ও চতুর্থ কিস্তির উপবৃত্তির টাকা যথাসময়ে বিতরণের জন্য উপবৃত্তি প্রকল্পভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে আগামী ৯ মে থেকে ২৫ মে পর্যন্ত পিইএসপি পোর্টালে প্রয়োজনীয় তথ্য (কিট অ্যালাউন্সের কিস্তিভিত্তিক চাহিদা) এন্ট্রির বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ করা হলো। নগদ কর্তৃপক্ষ আগামী ৯ মের আগেই পিইএসপি পোর্টাল উন্মুক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

২০২০-২১ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কিস্তির (জুলাই-২০ থেকে ডিসেম্বর-২০) উপবৃত্তির টাকা বিতরণের লক্ষ্যে সুবিধাভোগী শিক্ষার্থী, অভিভাবকদের তথ্য এবং চাহিদাসহ প্রয়োজনীয় তথ্য পিইএসপি পোর্টালে এন্ট্রির কাজ শেষ হয়েছে। অচিরেই সুবিধাভোগী অভিভাবকদের মোবাইল অ্যাকাউন্টে ২০২০-২১ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কিত্তির উপবৃত্তির টাকা বিতরণ করা হবে।আগামী ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হবে। অর্থবছরের বিধানের কারণে বর্ণিত তৃতীয় ও চতুর্থ কিস্তির উপবৃত্তির টাকা বিতরণ সংক্রান্ত ডাটা এন্ট্রির কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার কোনো বিকল্প নেই। উপবৃত্তি প্রাপ্য প্রত্যেক শিক্ষার্থী ২০২০-২১ অর্থবছরের তৃতীয় কিস্তিতে উপবৃত্তির টাকার সঙ্গে অতিরিক্ত এক হাজার টাকা কিট অ্যালাউন্স পাবে।