
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৮ই জুন পর্দা উঠতে চলেছে প্রথমবারের মতো আয়োজিত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নসশিপের ফাইনাল। ঐতিহাসিক সেই টেস্টে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সাউদাম্পটনের সেই ফাইনালে ভারতের রিশাভ পান্তকে হুমকি মানছেন নিউজিল্যান্ডের বোলিং কোচ শেন জার্গেনসেন।
![]()
অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বশেষ দুই টেস্ট সিরিজে ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন রিশাভ পান্ত। আগ্রাসী ব্যাটিংয়ে দুই সিরিজেই পার্থক্য গড়ে দিয়েছিলেন ভারতের তরুণ উইকেটরক্ষক ব্যাটার। আসন্ন ফাইনালেও তাই কোহলির তুরুপের তাস হতে পারেন পান্ত। নিউজিল্যান্ডের বোলিং কোচ শেন জার্গেনসেন ঠিক এমনটাই ভাবছেন। তার মতে একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন রিশাভ পান্ত, যা আসন্ন ফাইনালে নিউজিল্যান্ডের মাথা ব্যথার কারণ হতে পারে।
![]()
ইংল্যান্ডের সংবাদ মাধ্যম টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পান্ত একজন অত্যন্ত বিপজ্জনক খেলোয়াড়, যে কিনা একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। আমরা দেখেছি যে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে তিনি কতটা ভাল করেছেন। তিনি অত্যন্ত ইতিবাচক মনোভাবের, তবে এর সাথেই তাঁর উইকেট নেওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।” তবে নিজেদের বোলারদের উপর আস্থা রাখতে চান কিউই বোলিং কোচ।
![]()
তবে পান্তকে আটকে রাখার কাজটা যে সহজ হবে না, মানছেন তিনিও। এ প্রসঙ্গে তিনি যোগ করেন, “আমাদের বোলারদের ভালভাবে পরিকল্পনার বাস্তবায়ন ঘটানো, শান্ত থাকা এবং পান্তের জন্য রান করা যতটা সম্ভব কঠিন করে তুলতে হবে। তিনি অবশ্যই একজন বিস্ফোরক ব্যাটার এবং তাকে থামানো শক্ত, যা আমাদের মনে রাখা উচিত।” প্রসঙ্গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড।
![]()
এর জন্য ইতোমধ্যেই সেখানে পৌঁছে গেছে কেন উইলিয়ামসনের দল। আগামী ২রা জুন প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।













































