প্রচ্ছদ দৈনিক খবর

আইপিএল সেরা একাদশে জায়গা হয়নি ওয়ার্নার, গেইলদের

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, লাসিথ মালিঙ্গাদের মত তারকাখচিত খেলোয়াড়দের নিয়ে আইপিএলের সর্বকালের সেরা একাদশ গঠন করেছেন ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যান জস বাটলার। তবে তাঁর দলে জায়গা হয়নি কোনও অস্ট্রেলিয়ান ক্রিকেটারের।

একমাত্র ইংলিশ প্লেয়ার হিসেবে বাটলারের সেরা একাদশে আছেন তিনি নিজেই। ডেভিড ওয়ার্নার, সুরেশ রায়নারা যতই আহামরি পারফরমেন্স করুক না কেন তার দলে জায়গা হয়নি এসব প্লেয়ারদের। আইপিএলের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকসকেও রাখেননি তিনি। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে তার দলে জায়গা হয়নি টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিস গেইলেরও।

ওপেনার হিসেবে বাটলারের সেরা একাদশে আছেন রোহিত শর্মা। আইপিএলের সবচেয়ে বেশি শিরোপা জয়ী এই অধিনায়কের জুটি হিসেবে আইপিএলে সবচেয়ে বেশি রান করা শিখর ধাওয়ানের জায়গা হয়নি। এমনকি আইপিএলের অন্যতম সেরা ওপেনার এবং চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ডেভিড ওয়ার্নারকেও রাখেননি বাটলার। জায়গা হয়নি ক্রিস গেইলের মত ব্যাটসম্যানের। অথচ ওপেনার হিসেবে নিজেকে ঠিকই রেখেছেন তিনি। তিন নাম্বারে জায়গা পেয়েছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি।

তবে জায়গা হয়নি আইপিএলের ২য় সর্বোচ্চ রান সংগ্রাহক সুরেশ রায়নায়। ৪ নাম্বারে আছেন এবি ডি ভিলিয়ার্স। উইকেট কিপার হিসেবে বাটলার নিজে থাকলেও ধোনিকেও রেখেছেন তিনি। অলরাউন্ডার হিসেবে বেন স্টোকস, আন্দ্রে রাসেল, গ্লেন ম্যাক্সওয়েলদের ছাপিয়ে জায়গা হয়েছে রবিন্দ্র জাদেজা এবং কিরোন পোলার্ডের। বাটলারের দলে স্পিনার হিসেবে অমিত মিশ্রা, পিযূস চাওলাদের মত সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনারদের পিছনে ফেলে জায়গা পেয়েছেন হরভজন সিং।

পেস বোলারদের মধ্যে জায়গা পেয়েছেন লাসিথ মালিঙ্গা, ভুবনেশ্বর কুমার, এবং জাসপ্রীত বুমরাহ। কিন্তু দলের অধিনায়ক কে তা জানাননি বাটলার। তবে এই দল বাছাটা যে তাঁর পক্ষে মোটেও সহজ ছিল না, সেটাও জানিয়ে দিয়েছেন জস বাটলার। কারণ এক-একটা জায়গার জন্য চার-পাঁচ জন করে ক্রিকেটার যোগ্য দাবীদার ছিলেন। যে কারণে তাঁকে নাকি দল বেছে নিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে।