স্বাস্থ্য মন্ত্রণালয়ে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা নিয়ে ফেসবুকে সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
তিনি রোজিনাকে হে’ন’স্তা’কারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। মঙ্গলবার (১৮ মে) বিকেলে ফেসবুক লাইভে এসে ব্যারিস্টার সুমন এ আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, ‘আপনারা জানেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি চুরির অভিযোগে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আটক করা হয়েছে, জেলে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, ‘গত বছর করোনা শুরুর সময় থেকে আমরা বারবার বলে আসছি, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে আসছি, এই স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পূর্ণ একটা ব্যর্থ মন্ত্রণালয় এবং যতো ধরনের চুরি-চামারি আছে, এই মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ, এই মন্ত্রণালয়ের লোকজন বেশির ভাগই হচ্ছে দুর্নীতিতে একদম আবদ্ধ।
সুমন বলেন, ‘এই মন্ত্রণালয়ের পুরোটাই দুর্নীতিতে নিমজ্জিত। এ মন্ত্রণালয়ের নথি চুরির অভিযোগ তো বুঝতেই পারেন। আরও বড় কথা হচ্ছে রোজিনার বিরুদ্ধে যে নথি চুরির অভিযোগ আনছেন, যদি সে চুরিও করে থাকে, আপনারা তাকে পুলিশে দেবেন, তার বিরুদ্ধে মামলা করবেন যা ইচ্ছা তা আপনারা করতে পারেন।
কিন্তু তাই বলে, আপনারা নিজেরা আইন হাতে তুলে নিলেন। সাংবাদিক বাদই দেন, সাংবাদিক বাদই দিলাম, একজন নারী হিসেবে তো সম্মানটা প্রদর্শন করতে পারতেন। আইন আপনরা হাতে তুলে নিচ্ছেন। আপনাদের বিচার করার মতো জায়গা বা মানুষগুলা কই।











































