
প্রতিবেশী হওয়া স্বত্তেও এখনো দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামা হয়নি ক্রিকেটের নবশক্তি আফগানিস্তানের, দীর্ঘ অপেক্ষার পর আগামী সেপ্টেম্বরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে রশিদ-মুজিবরা।
![]()
ক্রিকেটে আফগানিস্তানের উত্থানে জড়িয়ে আছে পাকিস্তানের নাম, কিন্তু পাকিস্তানের বিপক্ষেই মাঠে নামার জন্য আফগানদের অপেক্ষা করতে হতো আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টের ম্যাচের জন্য। তবে সেই অপেক্ষার ইতি ঘটতে যাচ্ছে, প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে একমত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।
![]()
সূচি চূড়ান্ত না হলেও সেপ্টেম্বরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, সিরিজটি অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। স্বাগতিক হিসেবে পাকিস্তানকে আতিথ্য দিবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, সূচি চূড়ান্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে পিসিবি ও এসিবি। পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার বিষয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এসিবির এক কর্মকর্তা বলেন,
![]()
“সিরিজটি সংযুক্ত আরব আমিরাতেই হবে, কিন্তু আমরা এখনো ভেন্যু চূড়ান্ত করতে পারিনি। আবুধাবি, শারজাহ না-কি দুবাই কোথায় আয়োজন করব এ নিয়ে দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছি।” পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অংশগ্রহণে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথাও জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
![]()
যদিও এটা চূড়ান্ত কি-না সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি, উল্লেখ্য করোনা পরিস্থিতির কারণে ভারতের বদলে আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা।













































