দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে আজ নিজের খেলা প্রথম বলেই ‘ক্লিন বোল্ড’ হয়ে শূন্য রানে আউট হয়েছেন সুনীল নারাইন। আইপিএলের ১৪তম আসরে ব্যাট হাতে সুনীল নারাইনের দুঃস্বপ্নের যাত্রা অব্যাহত রয়েছে। আহমেদাবাদে দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে আজও ‘গোল্ডেন ডাক’ মেরেছেন উইন্ডিজ অলরাউন্ডার।
এ নিয়ে এই আসরে চার ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০ রান করেছেন তিনি, যেখানে দুইবার রানের খাতাই খুলতে পারেননি কলকাতার অলরাউন্ডার। বৃহস্পতিবার ম্যাচের ১১তম ওভারে ব্যাটিং এসে নিজের খেলা প্রথম বলেই লতিত যাদবের বলে ‘ক্লিন বোল্ড’ হয়েছেন সুনীল নারাইন। অবিশ্বাস্য হলেও আইপিএলে স্পিনারের বিপক্ষে নিজের খেলা সর্বশেষ ৪ বলে ৩ বার আউট হয়েছেন উইন্ডিজ অলরাউন্ডার।
এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের সপ্তম ক্রিকেটার হিসেবে ‘গোল্ডেন ডাক’ এর তিক্ত স্বাদ পেলেন সুনীল নারাইন। এছাড়া ফ্যাঞ্জাইজিটির ইতিহাসে সর্বাধিক ডাক মারার ব্যর্থতার রেকর্ড দুইয়ে উঠে এসেছেন তিনি। কলকাতার জার্সিতে সর্বোচ্চ ১০টি শূন্য রানের ইনিংস রয়েছে সাবেক অধিনায়ক গৌতম গম্ভীরের। আর আজ নিয়ে ৮ বার রানের খাতা খুলতে ব্যর্থ হলেন সুনীল নারাইন। এছাড়া ৭ বার একই স্বাদ পেয়েছে ইউসুফ পাঠান।
উল্লেখ্য কলকাতা নাইট রাইডার্সের প্রথম তিন ম্যাচে একাদশে সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। তবে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি টাইগার অলরাউন্ডার। যার দরুণ পরবর্তী ম্যাচগুলোতে সাকিবের পরিবর্তে সুনীল নারাইন একাদশে সুযোগ পেয়েছেন। নারাইনের এমন করুণ পারফরম্যান্সের পর কি পরবর্তী ম্যাচে সাকিব আল হাসানকে কলকাতার একাদশে দেখা যাবে?













































