প্রচ্ছদ দৈনিক খবর

‘১০০ ভাগ নিশ্চিত আমার ব্যাটে বল লাগেনি’-নিজের আউট নিয়ে তামিম

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মোহাম্মদ নাঈম ও সাকিব আল হাসান আউট হওয়ার পর শুরুর ধাক্কাটা অনেকটা সামলে উঠেছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুটি বাউন্ডারি মেরে রানের গতিও বাড়াচ্ছিলেন তামিম। কিন্তু শ্রীলঙ্কান ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরার বলে আম্পায়ার তামিমকে কট বিহাইন্ড আউট দিলে রিভিউ নিয়েও রক্ষা পাননি।

দুর্ভাগ্য তামিমের, ফুল লেংথের বলে ড্রাইভ করতে গিয়ে তামিমের ব্যাট পিচে আঘাত করে। একই সময় বল গেছে তামিমের ব্যাট ঘেঁষে। স্কিনো মিটার দেখে তাই থার্ড আম্পায়ার তামিমকে আউট দেন। শেষ পর্যন্ত ২৯ বল খেলে ১৭ রান করে মাঠ ছাড়তে হয় তামিমকে। ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেই বিতর্কিত আউট নিয়ে হতাশা প্রকাশ করেন তামিম। তিনি নাকি ১০০ ভাগ নিশ্চিত যে বল তাঁর ব্যাট ছুঁয়ে যায়নি, ‘খুবই হতাশার।

আমি ১০০ ভাগ নিশ্চিত ছিলাম যে আমার ব্যাটে বল লাগেনি। দুর্ভাগ্যজনক যে আমার ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় ব্যাট মাটিতে লাগে। এটাও আম্পায়ারের জন্য প্রায় অসম্ভব ছিল ওভারটার্ন করা। অনফিল্ড আম্পায়ার যদি আউট না দিতেন, তাহলে ভিন্ন ঘটনা হতে পারত। কিন্তু আমি ১০০ ভাগ নিশ্চিত যে আমার ব্যাটে বল লাগেনি।’ বাংলাদেশ আজ সিরিজের শেষ ম্যাচে তাড়া করছিল শ্রীলঙ্কার ২৮৭ রানের লক্ষ্য। এই রান তাড়া করতে গিয়ে তামিমসহ মোহাম্মদ নাঈম ও তিনে নামা সাকিব আল হাসানকে বাংলাদেশ হারায় ব্যাটিং পাওয়ার প্লের মধ্যেই।

বাংলাদেশের রান তখন ৩ উইকেটে ২৯ রান। সেখান থেকে মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহর ফিফটির পরও ১৮৯ রানে অলআউট বাংলাদেশ। ৯৭ রানের বড় জয়ে শ্রীলঙ্কা পায় এই সফরে প্রথম জয়ের স্বাদ। প্রথম দুই ম্যাচ জেতায় সিরিজ জিতে বাংলাদেশ। তবু আইসিসি সুপার লিগের পয়েন্টের হিসাবে শেষ ম্যাচটা না জেতার আক্ষেপ কাজ করছে অধিনায়ক তামিমের, ‘এটা দ্বিপক্ষীয় সিরিজের মতো না যে আপনি দুটি ম্যাচ জিতে সিরিজ জিতে গেলেন।

আর এখানে কিছুই অর্জনের নেই। এখানে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কেউই জানে না এই দশ পয়েন্ট হয়তো ভবিষ্যতে কষ্ট দিতেও পারে। যখন সুযোগ ছিল, তখন পুরো পয়েন্ট নেওয়া উচিত ছিল।’ সিরিজ জিতলেও শেষ ম্যাচের হার বাংলাদেশ দলের ব্যাটিং ও ফিল্ডিং দুর্বলতাগুলো আলোতে নিয়ে এসেছে। তামিম সিরিজ জিতলেও আঙুল তুলেছেন সেদিকে, ‘ব্যাটিং আমাদের প্রত্যাশামতো হয়নি। বোলিং খুব ভালো হয়েছে। ফিল্ডিং প্রথম দুই ম্যাচে ভালো ছিল।

কিন্তু আজ সেই আগের মতোই। গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেছি আমরা। আজ আমরা সিরিজ জিতেছি, তাই যদি সব ভুলে যাই, তাহলে হবে না। ঠিক যেমন সিরিজ শেষে আমরা বলি, “আমাদের অনেক কাজ করার আছে।” আজ সিরিজ জয়ের পরও আমি একই কথা বলব। আমার কাছে মনে হয় যে আমাদের অনেক উন্নতি করা উচিত।