টুর্নামেন্টের মাঝপথে বিশাল বড় ধাক্কা খেলো পাঞ্জাব কিংস। অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দলটির অধিনায়ক কেএল রাহুল। রবিবার এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাঞ্জাব কিংস কর্তৃপক্ষ।
শনিবার রাতে কেএল রাহুলের তলপেটের তীব্র ব্যথা উঠলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তাতে কাজ না হলে পরীক্ষা নিরীক্ষার পর পরবর্তীতে জানা জানায় অ্যাপেন্ডিসাইটিসে ভুগছেন তিনি। ফলে সতর্কতার অংশ হিসেবে তৎক্ষনাৎ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক টুইট বার্তায় পাঞ্জাব কিংস কর্তৃপক্ষ জানিয়েছে “গত রাতে ভয়ঙ্কর পেটের যন্ত্রণায় ভুগছিলেন কেএল রাহুল। ওষুধে কাজ না তাকে ইমার্জেন্সি রুমে নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর তার ‘অ্যাকুট অ্যাপেন্ডিক্স’ ধরা পড়েছে।
অস্ত্রোপচারের মাধ্যমে এটি নিরাময় সম্ভব। নিরাপত্তার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।” গত আইপিএলের মত এবারের আসরেও এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক কেএল রাহুল। এখন পর্যন্ত খেলা ৭ ম্যাচে ৬৬.২০ গড়ে ৩৩১ রান করেছেন তিনি, যেখানে ফিফটি হাঁকিয়েছেন ৪টিতে। রাহুলের পরিবর্তে রবিবার দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিস গেইলকে পাঞ্জাব কিংসের নেতৃত্ব দিতে দেখা যেতে পারে।
উল্লেখ্য ৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে পাঞ্জাব। তবে রাহুলের অনুপস্থিতিতে যে বড় সমস্যায় পড়লো পাঞ্জাব তাতে কোনো সন্দেহ নেই। সেই সাথে চলমান আসরে রাহুলের খেলা নিয়েও তীব্র অনিশ্চয়তার তৈরি হলো













































