প্রচ্ছদ দৈনিক খবর

সুপার সাইক্লোন হয়ে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘যশ’

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

খুলনা উপকূলের দিকে ধেঁয়ে আসতে থাকা ঘূর্ণিঝড় ‘যশ’ সুপার সাইক্লোনে রূপ নিতে পারে বলে মনে করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। তবে ঘূর্ণিঝড়টি নিয়ে এখনও আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি বলে জানিয়েছেন তিনি।শনিবার (২২ মে) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের উন্নয়ন কাজের উদ্বোধন নিয়ে এক সংবাদ সম্মেলনে ‘যশ’ প্রসঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী।

মন্ত্রী বলেন, যেহেতু এটি এখন পর্যন্ত লঘুচাপ হয়ে আছে, এখনই আতঙ্ক কিংবা শঙ্কার কিছু নেই। তবে অন্যান্য বারের মতো এটা সুপার সাইক্লোন হয়ে আঘাত হানতে পারে। আরেকটা বিষয় হলো, ঘূর্ণিঝড় এগোনের সময় প্রতি মুহূর্তে দিক পরিবর্তন করে। দিক পরিবর্তনের সঙ্গে-সঙ্গে নতুন নতুন এলাকা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। সেজন্য আমরা আমাদের পুরো উপকূলকে সতর্ক করব, প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করব।

প্রতিমন্ত্রী বলেন, এটি এখন লঘুচাপ অবস্থায় আছে। আগামীকালকের মধ্যে সুস্পষ্ট লঘুচাপ হবে, এরপর ২৩ থেকে ২৪ মের মধ্যে নিম্নচাপ হবে। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হবে।

২৬ মে ভূমিতে আঘাত করার সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ভূমিতে ওঠার সময় এর গতিবেগ হবে ১২০ থেকে ১৯০ কিলোমিটার। এটা বর্তমানে বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দীপপুঞ্জের কাছাকাছি আছে।

এখন পর্যন্ত এর ডিরেকশন ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে। এটি যে অবস্থায় আছে, সেখান থেকে যদি সোজাসুজি আসে তবে আমাদের খুলনা বিভাগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এটা জানার পর আমরা আবহাওয়া অধিদফতরের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছি, বলেন তিনি।‘যশ’ মোকাবিলায় শনিবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পলিসি কমিটির সভা ডাকা হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী এনামুর।