প্রচ্ছদ দৈনিক খবর

সিরিজ খেলতে অনীহা শ্রীলঙ্কার, বিসিবি বলছে ‘শঙ্কা নেই’

5
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

জৈব সুরক্ষা বলয়ে করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে অনীহা প্রকাশ করেছে শ্রীলঙ্কা। সফরকারী দল জৈব সুরক্ষা বলয়ের ওপর আস্থা হারানোয় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ না খেলেই দেশে ফিরতে চেয়েছিল। তবে বিসিবির আশ্বাসে পুরো সিরিজ সম্পন্নের ব্যাপারে সম্মতি দিয়েছে এসএলসি।

প্রথম ওয়ানডের আগে লঙ্কান বোলিং কোচ চামিন্দা ভাস এবং দুই ক্রিকেটার ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। আরও একবার করোনা পরীক্ষা করা হলে শিরান থেকে যান পজিটিভ, নেগেটিভ আসে ভাস ও উদানার ফলাফল। শিরানকে আইসোলেশনে পাঠিয়ে ম্যাচ মাঠে গড়ায় নির্ধারিত সময়েই। তবে লঙ্কান টিম ম্যানেজমেন্ট সিরিজের বাকি ম্যাচগুলো খেলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে। এরপর শ্রীলঙ্কার ক্রিকেটের (এসএলসি) সাথে আলোচনার পর বিসিবি সব শঙ্কা আর সংশয় দূর করেছে।

বিডিক্রিকটাইমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন বিষয়টি। সুজন জানান, দুই বোর্ড আলোচনার মাধ্যমে সিরিজ সম্পন্নের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘বাকি দুই ম্যাচ নিয়ে কোনো শঙ্কা নেই, আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে দুই পক্ষের মধ্যে।’ আকরাম জানিয়েছেন, এসএলসির উদ্বেগ থাকলেও আলোচনার পর পুরো সিরিজ আয়োজনেরই সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন,

‘চলমান পরিস্থিতিতে এসএলসির মধ্যে উদ্বেগ ছিলো কিছুটা। তবে বিসিবির সমঝোতায় সব কিছু এখন পর্যন্ত স্থিতিশীল।’ শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী নমল রাজাপক্ষে সিরিজের তিনটি ম্যাচের জন্য শুভকামনা জানিয়েছেন দলকে। তাতেই স্পষ্ট, বাংলাদেশে তৈরি করা লঙ্কানদের বায়োবাবল নিয়ে আপাতত এসএলসির দুশ্চিন্তা নেই।