প্রচ্ছদ দৈনিক খবর

সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত, হতে পারে ভারী বৃষ্টি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

লঘুচাপের কারণে বঙ্গোপসাগর এখন উত্তাল। তাই উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি

লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে আগামীকাল রোববার সকাল নয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ‘মাঝারি ধরনের ভারী’ থেকে ‘ভারী বৃষ্টি’ হতে পারে।

আজ ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টার দেশের সব অঞ্চলেই কমবেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে, ৭৪ মিলিমিটার। খুলনা বিভাগের অন্য অঞ্চলগুলোর মধ্যে যশোরে ৩৯ মিলিমিটার ও সাতক্ষীরায় ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।তবে বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বরিশালে। বিভাগটির ভোলায় হয়েছে ৭২ মিলিমিটার ও খেপুপাড়ায় ৬৮ মিলিমিটার বৃষ্টি।

এ ছাড়া ঢাকা বিভাগের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে, ৩৮ মিলিমিটার। ময়মনসিংহের নেত্রকোনায় ২৫ মিলিমিটার, চট্টগ্রামের টেকনাফে ৭২ মিলিমিটার ও হাতিয়ায় ৪৪ মিলিমিটার, সিলেটে ২৩ মিলিমিটার এবং রংপুরের রাজারহাটে হয়েছে ৪২ মিলিমিটার বৃষ্টি।