প্রচ্ছদ দৈনিক খবর

সরকার পতনে আন্দোলনের ডাক দিতে বললেন গয়েশ্বর

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সরকার পতনের জন্য আন্দোলনের ডাক দিতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দলের নেতা তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশের মাটিতে, তেমনি অবস্থায় আমরা ভার্চুয়ালি এমন আলোচনার মধ্য দিয়ে কথা বলে যাচ্ছি ৷ আমার মনে হয় কথায় কাজ হবে না। জিয়ার কথায় চলতে হবে, কথা কম কাজ বেশি ৷

‘এখন মনে হচ্ছে কথা বলার থেকে বেশি জরুরি সরকারের পতন কীভাবে করাব ৷ সেই পতনের ডাক দেন, সেই আন্দোলনের ডাক দেন। আমরা যদি অতীতের কোনো ইতিহাসে থাকি, আগামী ইতিহাসেও আমরা থাকব ৷ আর একটি ইতিহাস সৃষ্টি করব।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

মঙ্গলবার প্রেস ক্লাবে আরেকটি অনুষ্ঠানে গয়েশ্বর রায় মন্তব্য করেছিলেন, বর্তমানে বিএনপিতে ৮০ জন নেতা, ২০ জন কর্মী। সবাই নেতা, কর্মী নেই কেউ। যেদিন সবাই কর্মী হবে, সামনে একজন নেতা হবে, সেদিন গণতন্ত্র মুক্তি পাবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর বিএনপি নেতা হাবিবুর রশিদ হাবিব, বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনসহ অনেকে।