ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পরিবার কল্যাণ সহকারী চামেলী শিকদারের বিরুদ্ধে অফিস ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে। তিনি চাকরি করেন সরকারি কিন্তু অফিসে আসেন না। মাঠ পর্যায়ে কাজও করেন না। বছরের বেশিরভাগ সময়েই তিনি থাকেন দেশের বাইরে। ছুটিও নেন না। তবে অফিস থেকে মানুষের জন্য বিতরণকৃত ওষুধপত্র ঠিকই তুলে নেন।
খোঁজ নিয়ে জানা গেছে, চামেলী শিকদার ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পল্লিবেড়া গ্রামের সুশান্ত মাস্টারের স্ত্রী। তিনি কাউলিবেড়া ইউনিয়নের পল্লিবেড়া পরিবার কল্যাণ সহকারী হিসেবে কর্মরত।
স্থানীয়দের অভিযোগ, গত ১০ বছর ওই এলাকায় পরিবার কল্যাণের কোনো কাজই করেন না চামেলী শিকদার। কারণ তিনি দেশেই থাকেন না। ইতোমধ্যে এই স্বাস্থ্য কর্মকর্তা ভারতে বাড়িও করেছেন। সেখানে তার সন্তানরা থাকে। পড়াশোনাও করে সেখানে। তিনিও তাদের সঙ্গেই থাকেন।
পল্লিবেড়া গ্রামের কবির হোসেন জাগো নিউজকে বলেন, ‘চামেলী শিকদারের সন্তানরা ভারতে থাকে। সেখানেই তারা লেখাপড়া করে। তাদের দেখভালের জন্য তিনি (চামেলী শিকদার) ভারতেই থাকেন বেশিরভাগ সময়। বেতন তুলে, ওষুধপত্র তুলে, হাজিরা খাতায় স্বাক্ষর করে আবার ভারতে চলে যান।’
ভাঙ্গার পরিবার কল্যাণ অফিসের কর্মরতদের সঙ্গে কথা বলে জানা গেছে, চামেলী শিকদার তার কর্মস্থলে মাসের পর মাস অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন করেন।













































