স্থগিত হয়ে যাওয়া আইপিএলে নিজের খেলা সাত ম্যাচের ছয় ইনিংসে ব্যাট করে দুটি ফিফটি সহ ৪১.৪ গড়ে ২০৭ রান করেছেন এবি ডি ভিলিয়ার্স। বয়সটা ঠিকই ৩৭ পেরিয়েছে, তবে ব্যাটের ধার একটুও কমেনি এবি ডি ভিলিয়ার্সের।
চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) বরাবরের মতো এবারের আসরেও তার দূর্দান্ত ব্যাটিং কারিশমায় মুগ্ধ করেছেন পুরো ক্রিকেটবিশ্বকে। স্থগিত হয়ে যাওয়া এবারের আইপিএল আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে দেখা গেছে প্রোটিয়া তারকাকে। তবে এতে তার দূর্দান্ত ব্যাটিং ফর্মে বিন্দুমাত্র ছাপ পড়েনি। বরং ব্যাট হাতে তাকে আরও আগ্রাসী রুপে দেখছে দর্শক। একাধিক ম্যাচে প্রতিপক্ষ বোলারদের নাভিশ্বাস তুলে বাইশ গজে তান্ডব চালিয়েছেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’।
এমনকি পাঁচে নেমেও গ্লেন ম্যাক্সওয়েলের পরেই ব্যাঙ্গালোরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়ার মতে শুধু ৫ নম্বরে নয়, মঙ্গলগ্রহে গেলেও এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিংয়ে বিন্দুমাত্র পরিবর্তন হবে না, কেননা তিনি সেখানেও ভালো করবেন। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে আকাশ বলেছেন, “এবি ডি ভিলিয়ার্স একজন ‘জিনিয়াস’। আমরা সকলেই বলছিলাম যে তাকে উপরের দিকে ব্যাট করানো উচিত কেননা আপনি তাকে যত বেশি ডেলিভারি দেবেন,
তার তত বেশি প্রভাব পড়বে ম্যাচে। তবে আরসিবি তাকে পাঁচ নম্বরে পাঠাচ্ছিল।” “যদি আপনি তাকে পাঁচ নম্বরে পাঠান, তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে দল কেমন করবে এবং সে ভাল করবে কি না? তবে এবি ডি ভিলিয়ার্স প্রতিউত্তরে করে দেখিয়েছেন আপনি তাকে পাঁচ নম্বরে কিংবা মঙ্গলগ্রহেই খেলতে পাঠান না কেন তা তার পক্ষে কিছু যায় আসে না, তিনি নিশ্চিতভাবেই ভালো করবেন।” তিনি আরও সংযোজন করেন।
করোনায় স্থগিত হয়ে যাওয়া আইপিএলের এবারে আসরে নিজের খেলা সাত ম্যাচের ছয় ইনিংসে ব্যাট করে দুটি ফিফটি সহ ৪১.৪ গড়ে ২০৭ রান করেছেন তিনি। সেখানে দুই ম্যাচে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ এর পুরস্কারও বাগিয়ে নিয়েছেন তিনি। দল হিসেবেও ভালো সময় পার করছে কোহলি-ডি ভিলিয়ার্সদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এখন পর্যন্ত খেলা সাত ম্যাচের পাঁচটিতেই জয় তুলে নিয়েছে আরসিবি। টুর্নামেন্ট স্থগিতের আগে আসরের ২৯ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার তিনে ছিলো আরসিবি।













































