প্রচ্ছদ দৈনিক খবর

বাইডেন প্রশাসন আচরণ পরিবর্তন করবে কিনা এখনো তা পরিষ্কার নয়: ইরান

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি যে আচরণ করেছেন তা থেকে সরে আসার জন্য আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রস্তুত কিনা তা এখনো পরিষ্কার নয়।

গতকাল (সোমবার) জাওয়াদ জারিফ এক টুইটার পোস্টে একথা বলেন। তিনি বলেন, “সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যর্থ চাপ প্রয়োগের নীতি বাতিল করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন প্রস্তুত কিনা তা এখনো স্পষ্ট নয়। বাইডেন এবং ব্লিংকেন অর্থনৈতিক সন্ত্রাসবাদকে আলোচনায় দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তিনি আরো বলেন, ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করে চলেছে, শুধুমাত্র সমঝোতার ৩৬ নম্বর অধ্যায় পড়ে দেখুন। সময় এসেছে আচরণ পরিবর্তন করার।”

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৮ সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে একতরফা ও অবৈধভাবে আমেরিকাকে বের করে নেন। জো বাইডেন ক্ষমতায় আসার পর তিনি আবার পরমাণু সমঝোতায় ফিরতে চাইছেন। এ নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা চলছে। তবে এখনো দুপক্ষ চূড়ান্ত সমঝাতায় পৌঁছাতে পারে নি।#

পার্সটুডে/এসআইবি/৮