রাজধানীর সবুজবাগে অভয় বিনোদিনী উচ্চ বিদ্যালয় মাঠের এক কোণে বড় কড়াইয়ে জিলাপি তৈরি করছেন এক ব্যক্তি। পাশেই আরেকজন চুলায় তৈরি করছেন পেঁয়াজু, আলুর চপ, বেগুনি। বিদ্যালয়ের নিচতলার আরেকটি কক্ষে
পোলাও, মুরগির রোস্ট, ডিম, খেজুর, মিষ্টান্নের প্যাকেট তৈরি করছেন আরও কয়েকজন। এসব প্যাকেট ভ্যান, পিকআপে করে চলে যাচ্ছে বিভিন্ন মহল্লা, বস্তিতে। বিকেল হতেই রোজাদারদের ঘরে ঘরে বিনামূল্যে এসব খাবার পৌঁছে দিচ্ছেন একদল তরুণ।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সবুজবাগ এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। পহেলা রমজান থেকে এমন উদ্যোগ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের (ডিএসসিসি) ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাস। প্রতিদিন তিনি গড়ে দুই হাজার রোজাদারের মাঝে এই খাবার বিতরণ করেন। তার এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।
লায়ন চিত্তরঞ্জন দাস এই খাবার বিতরণের কাজ তদারকি করতে ৪১ সদস্য বিশিষ্ট ‘৫ নম্বর ওয়ার্ড পরিসেবক কমিটি’ গঠন করেছেন।
কমিটির সদস্যরা জানান, পবিত্র রমজানের পাশাপাশি এখন দেশে লকডাউন চলছে। অসংখ্য মানুষ এই লকডাউনে কর্মহারা হয়েছেন। এর মধ্যে নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তাদের কথা বিবেচনা করে খাবার বিতরণের এই সেবামূলক কাজের উদ্যোগ নিয়েছেন কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস।
৫ নম্বর ওয়ার্ড পরিষদ কমিটির সমন্বয়ক হিসেবে কাজ করছেন মেহেদী হাসান শাকিল। তিনি বলেন, কাউন্সিলরের নির্দেশে পহেলা রমজান থেকে এই ওয়ার্ডের প্রতিটি মহল্লায় নিম্নআয়ের মানুষের মাঝে এসব খাদ্য খাবার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে পাঁচ শতাধিক ইফতার প্যাকেট রাস্তায় পথচারী, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিতরণ করা হচ্ছে। বাকি এক হাজার ৫০০ প্যাকেট (পোলাও, মুরগি, ডিম) নাগরিকদের বাসায় বাসায় পৌঁছে দেয়া হচ্ছে। বিশেষ করে নিম্নআয়ের পরিবার খাবারের জন্য প্রতিদিন বিকেলে অ’পেক্ষায় থাকেন।
রাজারবাগ এলাকায় ভ্যানে করে সবজি বিক্রি করেন আলমগীর হোসেন। পহেলা রমজান থেকে এখন পর্যন্ত তাকে তেমন ইফতার কিনতে হয়নি। আলমগীর বলেন, কাউন্সিলরের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই তাকে ইফতার দেওয়া হয়। এলাকায় যারা ফুটপাতে ব্যবসা করেন, তারা অনিয়মিত ইফতার পান।
সবুজবাগের রাজারবাগ এলাকার বাসিন্দা হাবিবুল ইস’লাম। তিনি বলেন, রোজাদারদের জন্য কাউন্সিলরের এই উদ্যোগ প্রশংসার দাবিদার। তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। এভাবে সমাজের বিত্তবান এবং জনপ্রতিনিধিরা নাগরিকদের পাশে এগিয়ে আসলে কেউ অনাহারে থাকবে না।
ডিএসিসির ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস জাগো নিউজকে বলেন, ‘এই সেবা কার্যক্রমকে আমি ধ’র্ম-বর্ণের ঊর্ধ্বে রেখেছি। একজন মানুষ হিসেবে রমজানের এই সময়টাতে মানুষের পাশে দাঁড়িয়েছি। নিজ খরচে প্রতিটি
মহল্লার নিম্নআয়ের মানুষের বাসাবাড়ি এবং রিকশা গ্যারেজে এই খাবার বিতরণ করছি। এটাকে মানবিক বা মানবতার সেবায় হিসেবে গ্রহণ করেছি। রমজানের বাকি দিনগুলোতে এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।’













































