আমেরিকায় নিযুক্ত ব্রিটেনের সাবেক রাষ্ট্রদূত স্যার পিটার ওয়েস্টম্যাকট বলেছেন, ২০১৮ সালের মে মাসে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার কারণে বিশ্বস্ত মিত্রদের কাছে তার অবস্থান এবং সুনাম ক্ষুন্ন হয়েছে। এ বিষয়ে জো বাইডেনের প্রশাসন সতর্ক আছে বলে তিনি আশা করেন।
সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার টিমের অন্যান্য কর্মকর্তাদেরকে বাইরের জগতের কথা শুনতে হবে যারা তাদের মিত্র। একইসঙ্গে তিনি প্রশ্ন করেছেন, “যদি হোয়াইট হাউসে নতুন কোন ট্রাম্প আসেন কিংবা ট্রাম্পের প্রেতাত্মা কারোর উপর ভর করে তাহলে কি হবে?”
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান এবং ৫ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার বিষয় নিয়ে আলোচনা চলছে তখন সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত এসব কথা বললেন।
এর কয়েকদিন আগে সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এবং সিআইএ প্রধান লিওন প্যানেট্টা একই ধরনের কথা বলেছেন। তিনি বলেন, কোনো সন্দেহ নেই ট্রাম্পের সময় সারা বিশ্বে আমেরিকার ভাবমর্যাদা মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। পরিস্থিতির উত্তরণ ঘটনার জন্য এখন প্রেসিডেন্ট জো বাইডেনকে কাজ করতে হবে।#
পার্সটুডে/এসআইবি/৭













































