ব্যাট হাতে একেবারেই ফর্মে নেই সুনীল নারিন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে চার ম্যাচেই ব্যাত হাতে ব্যর্থ হয়েছেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। চার ম্যাচে মোটে তাঁর ব্যাট থেকে এসেছে ১০ রান। এর মধ্যে শেষ ইনিংসেই রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন তিনি।
এমন পারফরম্যান্সের পর কলকাতা নাইট রাইডার্স দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেটের ব্যবধানে হারের পর কলকাতার এই তারকার কড়া সমালোচনা করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার। তিনি মনে করেন নারিনকে চার বা পাঁচ নম্বরে খেলানো মানে ওভার নষ্ট করা। নারিন খেললে তাকে উপরেই খেলানো উচিত বলে মনে করেন ভারতীয় এই কিংবদন্তি।
সেই সঙ্গে কলকাতার তিন, চার বা পাঁচ নম্বরে খেলে প্রভাব ফেলার মতো ব্যাটসম্যান নেই বলেও বিদ্রূপ করেছেন তিনি। গাভাস্কার বলেন, ‘চারে বা পাঁচে নারিনকে নামানো মানে ওভার নষ্ট হতে দেওয়া। যদি নারিনকে খেলাতেই হয় তাহলে উপরের দিকে খেলানো হোক। ওখানে অন্তত কয়েকটা বল ও ব্যাটে লাগাতে পারবে। কলকাতার সব থেকে বড় সমস্যা হলো ওদের তিন, চার বা পাঁচে এমন কোনও ব্যাটসম্যান নেই যে ম্যাচে প্রভাব ফেলতে পারবে।’
শুধু মিডল অর্ডারই নয় কলকাতাকে ভালো শুরু এনে দিতে পারছে না ওপেনিং জুটিও। এ ক্ষেত্রে গাভাস্কারের পরামর্শ দীনেশ কার্তিক বা রাহুল ত্রিপাঠিকে উপরে খেলালে সুফল পেতে পারে কলকাতা। যদিও দলটির ডাক আউটে কোনো দায়িত্বশীল ব্যাটসম্যান দেখছেন না তিনি। গাভাস্কার বলেছেন, ‘কলকাতার হাতে ভাল ব্যাটসম্যানই নেই। জানি না ডাগ-আউটের দিকে তাকালে ওরা দায়িত্বশীল কোনও ব্যাটসম্যানকে খুঁজে পাবে কি না।
ওদের ব্যাটিং অর্ডার যদি দেখেন, শুভমান গিল বা মরগান বাদে ভাল ব্যাটসম্যান কোথায়? পাঁচে বা ছয়ে রাসেল ঠিক আছে। কিন্তু আমার মনে হয় দীনেশ কার্তিক বা রাহুল ত্রিপাঠির কাউকে আরও উপরে তুলে আনা উচিত।













































