প্রচ্ছদ দৈনিক খবর

নাম তার মধু ফকির, মসজিদ-মন্দিরের দানবাক্স চুরিই তার কাজ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রবিউল হোসেন রবি, চট্টগ্রাম থেকে: নাম তার মোহাম্মদ মধু প্রকাশ মধু ফকির (৪০)। পেশায় তিনি একজন চোর। তার টার্গেট বিভিন্ন মসজিদ, মন্দির এবং এতিমখানার দানবাক্স থেকে টাকা চুরি। শুধু তাই নয়, মদ খেয়ে করেন মাতলামিও। সর্বশেষ, চট্টগ্রামের বাঁশখালীতে দানবাক্স চুরি করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে মধু ফকির।

বুধবার (৫ মে) দিবাগত রাত ২টার দিকে নাপোড়া গ্রামের দিলু মার্কেট এলাকায় দানবাক্স ও নগদ টাকা নিয়ে তাকে আটক করে স্থানীয়রা। আটক মধু ফকির পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের হাজী বাজার এলাকার মোহাম্মদ লেদুর ছেলে।

তিনি বেশিরভাগ সময়েই থাকেন কুতুবদিয়া উপজেলার কুতুব শরীফ দরবারে। স্থানীয়রা জানান, পুইছড়ি ইউনিয়নের নাপোড়া কালিবাড়ি রোডের দিলু মার্কেট এলাকায় মধু ফকিরের হাতে দুটি দানবাক্স দেখে স্থানীয়রা। পরে মনে সন্দেহ জাগলে বিভিন্ন জেরা করা হয় তাকে।

এসময় তার হাতে জঙ্গল নাপোড়া গ্রামের ভিলেজার পাড়া জামে মসজিদ ও শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরের দানবাক্সসহ নগদ টাকা পাওয়া যায়। মধু ফকির দীর্ঘদিন ধরে পেকুয়া, চকরিয়া, কুতুবদিয়া, বাঁশখালী, লোহাগাড়াসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার গ্রাম-গঞ্জের মসজিদ, মন্দির, মাজার,

এতিমখানাসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের দানবাক্স চুরির সাথে জড়িত বলে জানান স্থানীয়রা। আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়ার বিষয়টি জানিয়ে পুঁইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার শেয়ার আলী বিডি২৪লাইভকে বলেন, ‘দানবাক্স চুরির সাথে জড়িত একজনকে স্থানীয়রা আটকের বিষয়টি শুনেছি। স্থানীয় যুবকেরা তাকে হাতেনাতে ধরে হালকা মারধর করে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে।’