আইপিএল ২০২১ স্থগিত হওয়ার পর ভারতীয় ক্রিকেটমহলের নজর আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালের দিকে। কবে, কোথায় বাকি অর্ধেক আইপিএল শেষ হবে, তা নিয়ে জল্পনা চলছেই। তবে জাতীয় নির্বাচকরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দল ঘোষণা করে দেওয়ায় কোহলিদের আন্তর্জাতিক সূচির দিকে নজর ঘোরাতে বাধ্য হচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।
জুনে ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে টিম ইন্ডিয়া, এটা এতদিনে সবার জানা। তার পর অগস্টে কোহলিদের ইংল্যান্ড সফরেরও সিলমোহর পড়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে তার মাঝে ভারতীয় দলের শ্রীলঙ্কা সফরের যাওয়ার বিষয়টি নিয়ে তেমন একটা আলোচনা ছিল না। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিশ্চিত করে দিলেন যে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ভারত ৩টি ওয়ান ডে ও ৫টি টি-২০ খেলতে দ্বীপরাষ্ট্রে উড়ে যাবে।
আসলে বর্তমান করোনা পরিস্থিতির জন্য আগে থেকে নিশ্চিত হওয়া সম্ভব নয় কোনও দ্বি-পাক্ষিক সিরিজ শেষমেশ অনুষ্ঠিত হবে কিনা। করোনার জন্যই অস্ট্রেলিয়া দলের প্রস্তাবিত দক্ষিণ আফ্রিকা সফর শেষ মুহূর্তে বাতিল হয়। আরও বেশ কিছু দ্বি-পাক্ষিক সিরিজ ইতিমধ্যেই স্থগিত হয়ে গিয়েছে মহামারির জন্য। তাই শ্রীলঙ্কা সফর নিয়েও আগে থেকে নিশ্চিত করে কিছু বলা সম্ভব ছিল না। বোর্ড সভাপতির কথায় অবশেষে জানা গেল কোহলিদের শ্রীলঙ্কা সফরের সম্ভাবনা প্রসঙ্গে।
Sportstar-এর সাক্ষাত্কারে সৌরভের কাছে জানতে চাওয়া হয় যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের পর ইংল্যান্ডে আইপিএল আয়োজন করা সম্ভব কিনা। কেননা, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হবে ২২ জুন। ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলিদের প্রথম টেস্ট শুরু হবে ৪ অগস্ট। মাঝে প্রায় দেড় মাসের সময় হাতে থাকছে। উত্তরে বোর্ড সভাপতি বলেন, ‘সেটা সম্ভব নয়। কেননা, (টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর) ৩টি ওয়ান ডে ও ৫টি টি-২০ খেলতে টিম ইন্ডিয়ার শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা।’
যার অর্থ, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কায় উড়ে যেতে হবে কোহলিদের। পরে রুটদের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজের জন্য পুনরায় ইংল্যান্ডে ফিরে যেতে হবে ভারতীয় দলকে। এখন প্রশ্ন হচ্ছে একমাসের ব্যবধানে ইংল্যান্ডে গিতে দু’বার কোয়ারান্টাইনে থাকতে রাজি হবে কিনা ভারতীয় দল। সেক্ষেত্রে কোহলিদের ইংল্যান্ডেই রেখে দিয়ে শ্রীলঙ্কা সফরে ভারতের দ্বিতীয় সারির দল পাঠানোর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না













































