প্রচ্ছদ দৈনিক খবর

টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন বিজে ওয়াটলিং

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আসন্ন ইংল্যান্ড সিরিজ এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নসশিপের পর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের বিজে ওয়াটলিং। মঙ্গলবার নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৫ বছর বয়সী নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসের সবচেয়ে সফলতম উইকেটরক্ষক এই ব্যাটার।

নিউজিল্যান্ড ক্রিকেটের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজে ওয়াটলিংয়ের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, “এটাই উপযুক্ত সময়। নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করা এবং বিশেষত টেস্ট ব্যাগি পরার বিষয়টি একটি বিশাল সম্মানের বিষয়। টেস্ট ক্রিকেট সত্যিই খেলার চূড়া এবং সাদা পোশাকে ছেলেদের (সতীর্থ) সাথে আমি প্রতিটি মিনিট উপভোগ করেছি। পাঁচ দিনের পরিশ্রমের পরে দলের সাথে বিয়ার হাতে চেঞ্জিং রুমগুলিতে বসে থাকাটাই আমি সবচেয়ে বেশি মিস করবো।

আমি কিছু দুর্দান্ত খেলোয়াড়ের সাথে খেলেছি এবং অনেক ভাল সঙ্গী তৈরি করেছি।এই পথচলায় আমি প্রচুর সহায়তাও পেয়েছি, সেজন্য আমি সর্বদা কৃতজ্ঞ থাকবো।” টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বকালের সেরা উইকেটরক্ষক-ব্যাটার হিসেবেই তার ক্যারিয়ারের ইতি টানবেন ৩৫ বছর বয়সী ওয়াটলিং। সাদা পোশাকে কিউই উইকেটরক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি ৩৩৮১ রান করেছেন তিনি এবং কমপক্ষে দশটি টেস্ট খেলেছে এমন যেকোন কিউই উইকেটরক্ষকের তুলনায় তার গড় (৩৯.৭৭) সবচেয়ে ভালো।

আউটফিল্ডার হিসাবে দশটি ক্যাচ ছাড়াও উইকেটরক্ষক হিসেবে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৫৭ ডিসমিশাল করেছেন বিজে ওয়াটলিং। সেই সাথে ষষ্ঠ উইকেট জুটিতে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানের তিনটি পার্টনারশিপের মধ্যে দুটিতেই জড়িয়ে আছে তার নাম। বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে খেলা তাঁর আটটি টেস্টসহ সর্বমোট ৭৩টি টেস্ট খেলেছেন বিজে ওয়াটলিং, যেখানে ৩৮.১১ গড়ে গড়ে ৩৭৭৩ রান করেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারের আটটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। মাউন্ট ম্যানগনুইয়ে ২০১৯ সালে নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ২০২ রানের ইনিংসটি তার ক্যারিয়ার সেরা।

টেস্ট ছাড়া ওয়ানডে এবং টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডের জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করেছেন বিজে ওয়াটলিং। তবে সীমিত ওভারে খুব একটা আলো কাড়তে পারেননি তিনি। ২৮ টি ওয়ানডে এবং ৫টি টি-টোয়েন্টি খেলে যথাক্রমে ৫৭৩ এবং ৩৮ রান করেছেন কিউই উইকেটরক্ষক ব্যাটার।