রাজধানীর মতো ময়মনসিংহ জেলায়ও বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। খোলা তেল প্রতি লিটার ৮ টাকা ও বোতলজাত ৫ টাকা বেড়েছে। পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। টমেটোর দাম কিছুটা বাড়লেও অন্যান্য কাঁচামালের দাম স্থিতিশীল আছে।শনিবার (২৯ মে) ময়মনসিংহের ঐতিহ্যবাহী শম্ভুগঞ্জ বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
শম্ভুগঞ্জ পশ্চিম বাজারের ইলিয়াস স্টোরের বিক্রেতা সাইফুল মিয়া বলেন, ‘গত সপ্তাহে খোলা তেল ১৩২ টাকা লিটার বিক্রি হলেও এ সপ্তাহে ৮ টাকা বেড়ে হয়েছে ১৪০ টাকা। গত সপ্তাহে বোতলজাত ১৩৩ টাকা লিটার বিক্রি হলেও এ সপ্তাহে ৫ টাকা বেড়ে হয়েছে ১৩৮ টাকা।’শম্ভুগঞ্জ বাজার এলাকার আজাহার স্টোরের বিক্রেতা আজাহার বলেন, ‘গত সপ্তাহে পেঁয়াজ ৪০ টাকা কেজিতে বিক্রি হলেও এ সপ্তাহে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি কম থাকায় পেঁয়াজের মূল্য বেড়েছে।’
তিনি আরও বলেন, ‘রসুন ছোট ৪০ টাকা কেজি, রসুন বড় ১০০ টাকা, আদা ৬৫ টাকা, আলু দেশি ও ইন্ডিয়ান ২০ টাকা, লবণ ২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।’শম্ভুগঞ্জ মধ্যবাজার এলাকার রাজলক্ষী স্টোরের বিক্রেতা নুপুর জানান, মসুর ডাল ছোট ৮৫ টাকা কেজি, মসুর ডাল বড় ১১০ টাকা, মাসকলাই ভাজা ১৩০ টাকা, মোটর ডাল ৫০ টাকা, খেসারীর ডাল ৬০ টাকা, ছোলা বুট ৬০ টাকা, মুগডাল ১৪০ টাকা, বুটের ডাল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব পণ্যের দাম স্থিতিশীল আছে বলেও দাবি করেন তিনি।
ওই বাজারের কাঁচামাল বিক্রেতা হাসিম জানান, বেগুন প্রতি কেজি ২০ টাকা, শসা ৩০ টাকা, ঢ্যাঁড়স ২৫ টাকা, টমেটো ৫০ টাকা, পটল ৩০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, পেঁপে ৪০ টাকা, কাকরোল ৪০ টাকা, করলা ৪৫ টাকা, কাঁচামরিচ ৩০ টাকা, কচুর মুখি ৬০ টাকা, জিঙ্গা ৩০ টাকা, গাজর ৬০ টাকা, বরবটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া লেবু প্রতি হালি ১৫ টাকা, কাঁচকলা ২০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি পিস ২০ টাকা, মিষ্টি লাউ ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
শম্ভুগঞ্জ পশ্চিম বাজার এলাকার চাল বিক্রেতা সাইফুল ইসলাম জানান, নতুন চাল বাজারে আসায় দাম স্থিতিশীল আছে। ঊনত্রিশ ৪৬ টাকা, আটাশ ৪৮ টাকা, প্যাকেট আটা ৩৫ টাকা বিক্রি হলেও খোলা আটা ২৮ টাকা কেজি বিক্রি হচ্ছে।শম্ভুগঞ্জ মাংস মহাল মাংস বিক্রেতা রহিম জানান, ঈদের পরে দাম কিছুটা কমেছে। গরুর মাংস ৫৫০ থেকে ৫৮০ টাকা কেজি, খাসির মাংস ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
সোনালি মুরগি ২২০ টাকা কেজি, ফার্মের মুরগি ১৩০, সাদা কক ১৯০, লেয়ার ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিম ৩০ টাকা হালি, হাঁসের ডিম ৪০ টাকা, দেশি মুরগির ডিম ৫০ টাকা হালি বিক্রি হচ্ছে।ওই বাজারের মাছ বিক্রেতা সিরাজ জানান, শোল মাছ ৮০০ টাকা কেজি, বাইম ১ হাজার, কার্ফু মাছ ২৫০, আইড় ৫৫০, সিলভার বড় ২২০, বাউস ৩৫০, গ্লাসকার্প ২০০, কাতলা ৩৫০, শিং বড় ৬০০, মাগুর বড় ৫০০ ও পাঙ্গাশ ১০০ থেকে ১২০ টাকা।













































