খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়ার মঠবাড়িয়া থেকে পাথরের কৃষ্ণ মূর্তি উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৬ মে) রাত ৯টার দিকে উপজেলার মঠবাড়িয়া মালো পাড়া থেকে এ মূর্তি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মঠবাড়িয়া গ্রামের মৃত, দিবদাস বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস (৩০) ওরফে কেনা ১০ জন শ্রমিক নিয়ে নিজেদের ঘেরে খাল খনন করছিলেন।
মাটি কাটার এক পর্যায়ে ১০ ফুট মাটির নিচে পাথরের তৈরি এক কেজি ৪ গ্রাম ওজন ও ১০ ইঞ্চি লম্বা একটি পাথারের কৃষ্ণ মূর্তি পাওয়া যায়। খবর পেয়ে ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাথরের মূর্তিটি উদ্ধার করে।
তবে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পরিমল বিশ্বাস (৬৫), ইদ্রজিৎ বিশ্বাসসহ (৬০) একাধিক ব্যক্তি জানিয়েছেন, এটি কাঞ্চন পাথরের মূর্তি এবং দামি।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, মাটির নিচে পাওয়া পাথরের মূর্তিটি উদ্ধার পূর্বক তালিকা মূল্যে জব্দ করা হয়েছে।













































