রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানবিক কারণে সরকার বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মির্জা ফখরুল আলমগীর।
বিদেশে চিকিৎসা করাতে ছোট ভাই শামীম ইস্কান্দারের করা আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পৌঁছানোর পর বৃহস্পতিবার (৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির মহাসচিব।
তিনি বলেন, ‘‘বেগম জিয়া করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন। তার বিদেশ যাওয়া সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।’তিনি বলেন, ‘সোমবার সন্ধ্যায় খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। তাকে বিদেশে নিতে পরিবারের ইচ্ছার কথা তুলে ধরেছি। পরিবার চায় খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাতে। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সরকারের ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশা করছি।’
এ সময় করোনায় মারা যাওয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের দশটি পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার তুলে দেন বিএনপি মহাসচিব।এর আগে বুধবার (৫ মে) পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রয়োজনীয়তা জানিয়ে আবেদন করেন শামীম ইস্কান্দার।
পরে রাত সাড়ে ১১ টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে বলেন, ‘খালেদা জিয়ার পরিবার তাকে বিদেশে চিকিৎসা করানো দরকার বলে জানিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এসব বিষয়ে অত্যন্ত মানবিক। আমরা আবেদনটি পজিটিভলি দেখছি। আইনে যে পর্যায়ে আছে, কীভাবে কী করা যেতে পারে, সেসব দেখতে আবেদন আইনমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। তাদের মতামত আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’













































