আইপিএলের ১৪তম আসর শুরুর ঠিক আগ মুহূর্তে কাঁধের ইঞ্জুরিতে পুরো আসর থেকেই ছিটকে যান দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দলে স্টিভ স্মিথ, শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিনদের মতো অভিজ্ঞরা থাকলেও আবারও তারুণ্যেই ভরসা রেখে রিশাভ পান্তের কাঁধে অধিনায়কের গুরু দায়িত্ব তুলে দেয় গত আসরের রানার্সআপ ফ্যাঞ্জাইজিটি।
আসরে মাঝপথে আইপিএল স্থগিত হওয়ার আগে রিশাভ পান্তের নেতৃত্বে দারুণ খেলেছে দিল্লী ক্যাপিটালস। যেখানে নিজেদের খেলা আট ম্যাচের ছয়টিতেই জয় পেয়েছিলো ফ্যাঞ্জাইজিটি। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও রিশাভ পান্তের দলের দখলেই। রিশাভ পান্তের এমন অধিনায়কত্ব মনে ধরেছে ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারের। তরুণ তুর্কীর ভূয়সী প্রশংসা করার পাশাপাশি, ভবিষ্যতে ভারতের অধিনায়ক হিসেবেও পান্তকে দেখা যাবে বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে ভারতীয় সংবাদপত্রে লেখা এক কলামে তিনি লিখেছেন, “পান্তের নেতৃত্বে দূর্দান্ত খেলেছে দিল্লী ক্যাপিটালস। ছয় নম্বর ম্যাচ পর্যন্ত সবাই তার নেতৃত্ব গুণ নিয়েই প্রশ্ন তুলে গেছে। সবাই বারবার একই প্রশ্ন করে তাকে ক্লান্ত করে দিয়েছিল। কিন্তু পান্ত ঠিকই আগুনটা ধরে রেখেছিল। নিজের মধ্যে জ্বালিয়ে রেখেছিল সেটা। হ্যাঁ, এটা ঠিক সে ভুল করেছে কিন্তু যা সব অধিনায়কই করে থাকে।” ভুল করলেও, রিশাভ পান্তের দ্রুত তা শুধরে নেওয়ার ক্ষমতা আছে, যা মুগ্ধ করেছে সুনীল গাভাস্কারকে।
তরুণ তুর্কী ইতোমধ্যে সমালোচনার জবাবে নিজেকে বেশ কয়েকবার প্রমাণও করেছেন বলে মনে করেন তিনি। আর তাই ভারতের অধিনায়ক হিসেবেও পান্তকে যোগ্য দাবিদার মনে করেন বর্তমান এই ধারাভাষ্যকার। “আইপিএলের বেশ কিছু ম্যাচে সে প্রমাণ করেছে সে কতটা বুদ্ধিমান। পরিস্থিতি বুঝে খুব দ্রুত নিজের ভুল শুধরে শিক্ষা নিতে পারে পান্ত। কোনও সন্দেহ নেই যে তাকে ভবিষ্যতে ভারতের অধিনায়ক হিসেবে ভাবা যেতেই পারে।”













































