প্রচ্ছদ দৈনিক খবর

কোহলির উইকেট উদ্‌যাপন কেন বোলারদের চেয়েও বেশি বাঁধভাঙা হয়

3
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ফাস্ট বোলারদের উইকেট উদ্‌যাপনটা একটু বেশিই বাঁধভাঙা হয়। ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার বেগে টানা বল করে যাওয়ার পর একটি উইকেট পেলে সেটার উদ্‌যাপন এমন হতে পারে বলেই মনে করেন অনেকে। কিন্তু অমন পরিশ্রম না করেও দলের উইকেট পাওয়ার উদ্‌যাপনে বিরাট কোহলির উচ্ছ্বাসটা বোলারদের চেয়েও কেন বেশি বাঁধভাঙা হয়?

এমনও দেখা গেছে, ভারত অধিনায়কের বাঁধভাঙা উইকেট উদ্‌যাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এই সময়ে ভারতের অন্যতম সেরা ফাস্ট বোলার মোহাম্মদ শামি। তাঁর উইকেট উদ্‌যাপনেও অনেক সময় বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। সেই শামিই সম্প্রতি জানিয়েছেন, উইকেট উদ্‌যাপনে কোহলির উচ্ছ্বাসটা কেন বোলারদের চেয়েও বেশি বাঁধভাঙা হয়। শামি আর কোহলি লম্বা সময় ধরে একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন।

কোহলির অধীন সব সংস্করণেই বোলিং করেছেন শামি। একসঙ্গে অনেক উইকেটের উদ্‌যাপন করেছেন। মাঠের মতো মাঠের বাইরেও বেশ ভালো শামি-কোহলির সম্পর্ক। সেই সম্পর্কের পথ ধরে শামি নিজেই কোহলিকে জিজ্ঞেস করেছিলেন, উইকেট উদ্‌যাপন করতে গিয়ে এত উচ্ছ্বাস কেন দেখান তাঁর অধিনায়ক! কোহলির উইকেট উদ্‌যাপন নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেল শামিকে প্রশ্ন করেছিল। সেখানে তিনি বলেছেন, ‘ফাস্ট বোলাররা খুব আগ্রাসী হয়।

তা সে বেশি বয়সী পেসারই হোক বা তরুণ। কিন্তু একজন খেলোয়াড় আছে, যে কিনা ফাস্ট বোলারদের মতোই আগ্রাসী, সে আমাদের অধিনায়ক।’ কোহলির আগ্রাসী মনোভাবটা যে উইকেট উদ্‌যাপন করতে গিয়ে বেশি করে ফুটে ওঠে, সেটাই বলেছেন শামি, ‘একবার যখন বিরাট কোহলির উইকেট উদ্‌যাপনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, “এটা কি তোমার উইকেট, নাকি আমার?” সে বোলারদের চেয়ে বেশি উদ্‌যাপন করে!’

কোহলি এর উত্তরে কী বলেছিলেন, শামি সেটাও জানিয়েছেন, ‘কখনো কখনো সে (কোহলি) খুঁজে বের করে যে বোলার উইকেট পাওয়ার পরও তেমন খুশি হয় না। এটাই সে আমাকে বলেছে। আমি তখন তাকে বলেছি, “তুমি তাহলে এমন উদ্‌যাপন আমার জন্য করেছ!”’ মাঠে কোহলির আগ্রাসী মনোভাব নিয়ে শামি বলেছেন, ‘মাঠে মজা করাটা গুরুত্বপূর্ণ। বিরাট আগ্রাসী মনোভাব দেখায়। এটা তো ঠিক যে সে দলকে দুর্দান্তভাবে নেতৃত্ব দিচ্ছে। সে কিন্তু খুব আগ্রাসী ব্যাটসম্যানও।