প্রচ্ছদ দৈনিক খবর

কোহলিরা যেটা এখন করছে, পাকিস্তান তা আগেই করে এসেছে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

১৮ জুন সাউদাম্পটনে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত–নিউজিল্যান্ড ম্যাচে ফেবারিট কোন দল? অনেকেই বলছেন ভারতের নাম। পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজাও আছেন সেই দলে। বিরাট কোহলিদের আক্রমণাত্মক ক্রিকেটে মুগ্ধ বর্তমানে সাবেক ওপেন ও বর্তমানে ধারাভাষ্যকার রমিজ।

তবে ভারতের প্রশংসা করতে গিয়ে সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান নিজেদের ‘ঢোল’ও একটু বাজিয়ে নিয়েছেন। রমিজের কথা, ভারত এখন যেমন আক্রমণাত্মক ক্রিকেট খেলছে আর বিদেশের মাটিতেও জয় পাচ্ছে, এ কাজটা পাকিস্তান দল ইমরান খানের নেতৃত্বে অনেক আগেই করে এসেছে! এক দশক আগেও ভারত এমন দল ছিল না বলে উল্লেখ করেছেন রমিজ রাজা। কিন্তু সম্প্রতি তারা বিদেশের মাটিতে খেলতে গেলেও ফেবারিট মনে মনে করা হয়।

সর্বশেষ বর্ডার–গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া থেকে প্রায় দ্বিতীয় সারির দল নিয়েও সিরিজ জিতে এসেছে ভারত। টেস্ট র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর দলটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে পয়েন্ট তালিকার শীর্ষ দল হিসেবেই। ভারতের এই বদলে যাওয়া নিয়ে রমিজ রাজা ভারতের পত্রিকা ইন্ডিয়া নিউজকে বলেছেন, ‘ভারত অসাধারণ এক দলে পরিণত হয়েছে। বিরাট কোহলির আক্রমণাত্মক এবং নিয়ন্ত্রিত উন্মত্ত নেতৃত্বেই এমনটা সম্ভব হয়েছে।

আমার বিশ্বাস, ভারতের ম্যাচ পরিকল্পনা আক্রমণাত্মক ক্রিকেটের ওপর রচিত।’ এ প্রসঙ্গে বলতে গিয়ে ইমরান খানের অধিনায়কত্বের কথা মনে পড়ে গেছে রমিজ রাজার, ‘আমি তো বলব ভারত এখন সেটাই করছে যেটা আমরা ইমরান খানের নেতৃত্বে করেছি।’ বড় দল হয়ে উঠতে হলে বিদেশের মাটিতে ম্যাচ জেতাটা গুরুত্বপূর্ণ উল্লেখ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে রমিজ রাজা বলেছেন, ‘ভারত যত দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবে, ততই ভালো করবে।

নিউজিল্যান্ড একটু আগেই ইংল্যান্ডে পৌঁছেছে। এটা তাদের জন্য একটা সুবিধা। কিন্তু সব মিলিয়ে ভারত দল নিউজিল্যান্ডের চেয়ে বেশি প্রতিভাবান খেলোয়াড়।’ ভারতকে আরও একটা কারণে এগিয়ে রাখছেন রমিজ রাজা, ‘কিউইরা একটি পরিকল্পনা নিয়েই ম্যাচ খেলতে নামে। সেই পরিকল্পনা ভেঙে পড়লে তারা হেরে যায়। আর ভারতের ম্যাচ পরিকল্পনার সঙ্গে আছে প্রতিভাবান খেলোয়াড়। কখনো কখনো যখন পরিকল্পনা ব্যর্থ হয়, প্রতিভার জোরে ম্যাচ জিতবেন আপনি।’