করোনা রোগীদের চিকিৎসায় একটি ওষুধ উদ্ভাবনের কথা জানিয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। টু-ডিওক্সি-ডি-গ্লুকোজ নামের ওষুধটির জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে দেশটির ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)।
ওষুধটিতে রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। দেহে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতেও সহায়তা করছে। ছোট্ট প্যাকেটে পাউডার আকারে থাকা ওষুধটি পানিতে গলিয়ে মুখে দিয়ে খেতে হবে।ভারতের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এবং অ্যালায়েড সায়েন্স ও ডক্টর রেড্ডি ল্যাবরেটরি যৌথভাবে এটি তৈরি করেছে।
ওষুধটির মেডিকেল পরীক্ষায় দেখা গেছে, এটির মধ্যে একটি অণু আছে। এতে হাসপাতালে ভর্তি রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। মেডিকেল অক্সিজেনের ওপর নির্ভরশীলতাও কমিয়ে আনছে।২০২০ সালে এপ্রিলে ওধুষটি তৈরির কাজ শুরু হয়েছিল। প্রাথমিক পরীক্ষার পর ২০২০ সালে মে মাসে এটি দ্বিতীয় পর্যায়ের ক্লিনিকাল পরীক্ষার অনুমতি পেয়েছিল।
২০২০ সালের মে থেকে অক্টোবর মাসে ওষুধটির দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলে। দ্বিতীয় পর্যায়ে ১১০ রোগীর ওপর পরীক্ষা চালানো হয়। আর তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালানো হয় ছয়টি হাসপাতালে।













































