প্রচ্ছদ দৈনিক খবর

ইয়েমেনে ব্যাপক বিপর্যয়ের জের! সৌদি যুবরাজের পদত্যাগের দাবি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ইয়েমেনের জিযানে এক সাম্প্রতিক অভিযানে দেশটির সশস্ত্র ও বিপ্লবী বাহিনীগুলোর হাতে সৌদি সেনাদের নিহত হওয়ার ধরণ সম্পর্কিত ভিডিও ও ছবি ইন্টারনেটে প্রকাশের পর সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের পদত্যাগের দাবি জানাচ্ছেন সৌদি নাগরিকরা।

সোশাল মিডিয়ায় এসব দাবি জানাচ্ছেন মূলত ইয়েমেনে নিহত সৌদি সেনাদের পরিবারের সদস্যরা। 

ইয়েমেনি সংবাদপত্রগুলোর ইন্টারনেট সাইটগুলো জানিয়েছে, যুদ্ধক্ষেত্র থেকে পলায়নরত অবস্থায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও বিপ্লবী যোদ্ধাদের হাতে নিহত নিরস্ত্র  সৌদি সেনাদের ছবি প্রকাশ হওয়ার পর এই সেনাদের পরিবার থেকে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের পদত্যাগের দাবি উঠেছে। এইসব পরিবার খুব শিগগিরই দক্ষিণ-সীমান্তে ইয়েমেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করারও দাবি জানিয়েছে যাতে সৌদি সেনাদের নিহত হওয়া ঠেকানো যায়। 

সম্প্রতি ইয়েমেনের যুদ্ধ সংক্রান্ত প্রচার বিভাগ জিযান অঞ্চলে পলায়নরত অবস্থায় হামলার শিকার হয়ে নিহত হওয়া সৌদি সেনাদের নানা ছবি প্রকাশ করার পর সৌদি যুবরাজের পদত্যাগের দাবি উঠল। ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের সাম্প্রতিক এক অভিযানে ৮০ জন সৌদি ও সুদানি সেনা নিহত হয়। 

সৌদি নাগরিকদের অনেকেই টুইটারে দেয়া ‘আমাদের সেনাদের আর খেলার সামগ্রী করো না’ শীর্ষক নানা বার্তায়  সৌদি সেনাদের নিহত হওয়ার ঘটনার জন্য দেশটির যুবরাজকে দায়ি করেছেন এবং ইয়েমেনে যুদ্ধ করতে পাঠানোর কারণেই তারা প্রাণ হারাচ্ছে বলে উল্লেখ করেছেন। আর তাই তারা শিগগিরই যুবরাজের পদত্যাগের দাবি জানিয়েছেন।  

একজন সৌদি নাগরিক লিখেছেন: অন্যদের তুলনায় সৌদি সেনারা সবচেয়ে কম বেতন ও সুযোগ-সুবিধা পেয়ে থাকে এবং তাদেরকে সহায়তা দেয়া হয় না। আর যারা যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে রয়েছেন তারা ইন্দ্রিয়-বিলাসে ডুবে আছেন ও প্রাসাদগুলোতে বসবাস করছেন এবং সৌদি সেনাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন! ওলিদ আল হাজলুল নামের একজন টুইটারে লিখেছেন: এই দৃশ্যগুলো থেকে কি এটাই বোঝা যায় না যে এইসব সৌদি সেনার কমান্ডাররা অযোগ্য এবং সম্ভবত তারা বিপর্যয় নেমে আসাকে গুরুত্ব দেন না!

জিযান বন্দর নগরীতে সাম্প্রতিক ইয়েমেনি অভিযানে অন্তত ৭০ জনেরও বেশি সৌদি সেনা নিহত হয়েছে এবং ৩২টি সৌদি সাজোয়া যান ধ্বংস হয়েছে। ইয়েমেনি সেনারা এ অঞ্চলে ৭০টি পার্বত্য অবস্থান দখল করে নেয়ার পর সৌদি জঙ্গি বিমানগুলো ওই অঞ্চলে বোমা বর্ষণ করলে সৌদি সামরিক সাজ-সরঞ্জামই ধ্বংস হয়! ইয়েমেন সীমান্ত সংলগ্ন অঞ্চলের স্থলযুদ্ধে প্রায়ই বিপর্যয়ের শিকার হচ্ছে আগ্রাসী সৌদি জোটের সেনারা।  

২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি জোট। তাদের নির্বিচার বোমা হামলায় হাজার হাজার ইয়েমেনি হতাহত হয়েছেন যাদের মধ্যে রয়েছে প্রায় দুই হাজার শিশু ও নারী। #

পার্সটুডে/এমএএইচ/৪

bangla news।

.