পিয়া জান্নাতুল একাধারে একজন মডেল, উপস্থাপক, অভিনেত্রী, আইনজীবী ও ব্যবসায়ী। একের পর এক নতুন স্বপ্ন বুনেছেন আর অর্জন করেছেন নতুন নতুন পরিচয়। তবে গত বছরে নতুন আরও একটি পরিচয় তার সাথে যুক্ত হয়েছে। গত বছরের ৭ ফেব্রুয়ারী পুত্র সন্তানের মা হয়েছেন তিনি।
আগামীকাল (১০ মে) মা দিবসকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পুত্র অ্যারেসকে নিয়ে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, “আমার জীবনে সব অর্জনের মধ্যে মাতৃত্বই সেরা। আমার সন্তান অ্যারেসকে পেয়ে আমি ধন্য। বিশ্বের সব অসাধারণ মাকে মা দিবসের শুভেচ্ছা।”
নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সবাইকে অবাক করে দিয়ে `মিস বাংলাদেশ ২০০৭` হয়েছিলেন পিয়া। সেই হলো শুরু। কলেজে পড়ার সময়ই বড় বড় সব ফ্যাশন হাউস ও ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। আইনজীবী হওয়ার স্বপ্ন ছিল তাঁর। শেষ পর্যন্ত হয়েছেনও। ঢাকার লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। ২০১৩ সালে ইন্ডানিয়ানা প্রিন্সেস মুম্বাইতে সেরা সুন্দরীর মুকুট ওঠে তাঁর মাথায়। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বখ্যাত `ভোগ` সাময়িকীর (ভারত সংস্করণ) প্রচ্ছদের মডেল হয়েছেন তিনি।
২০১৭ ও ২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা করেন পিয়া। এই কাজের ধারায় আইসিসি ২০১৯ ক্রিকেট ওয়ার্ল্ড কাপেও উপস্থাপনা করতে দেখা গেছে লন্ডনের মাঠে। ২০১২ সালে রেদোয়ান রনির `চোরাবালি` সিনেমার মধ্য দিয়ে বড় পর্দার খাতা খোলেন তিনি। এরপর তাঁকে বেশ কিছু সিনেমা, নাটক ও সংগীতচিত্রে দেখা গেছে। ২০১৪ সালে ফারুক হাসান সামীরকে বিয়ে করেন জান্নাতুল পিয়া।













































