প্রচ্ছদ দৈনিক খবর

আফ্রিকার এই পেসারকে দলে নিলো রাজস্থান

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আইপিএলের ১৪তম আসরের মাঝপথে বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ালো রাজস্থান রয়্যালস। ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোনের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েৎজিকে দলে নিয়েছে তারা। শনিবার রাতে আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্যাঞ্জাইজিটি।

২০ বছর বয়সী কোয়েৎজির আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, যেখানে তিনি ২৩.৩৩ গড়ে নয়টি উইকেট শিকার করেছেন প্রোটিয়া পেসার। দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও অংশ নিয়েছেন ডানহাতি এই পেসার।আইপিএলের এবারের আসরের এক তৃতীয়াংশ না পেরুতেই ইঞ্জুরি আর বায়ো বাবল ক্লান্তিতে ইতোমধ্যেই রাজস্থান রয়্যালসের চার বিদেশি ক্রিকেটার বাড়ি ফিরে গেছেন।

ফলে এখন মাত্র চারজন বিদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, জস বাটলার, ক্রিস মরিস এবং ডেভিড মিলার রাজস্থান শিবিরে রয়েছেন। এর আগে আঙ্গুলের চোটে কারণে এবারের আসরে অংশই নিতে পারেননি গতবারের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার ইংল্যান্ডের জোফরা আর্চার। আসরে রাজস্থানের প্রথম ম্যাচেই ডান হাতের আঙ্গুলে চোটে পেয়ে দেশে ফিরেছেন আরেক ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসও। পরবর্তীতে জৈব সুরক্ষা বলয়ে আর থাকতে না পেরে বাড়ির উদ্দেশ্যে ব্যাগ গুছিয়েছেন ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন।

সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাইও। উল্লেখ্য, এবারের আসরে এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচে মাত্র দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরের অবস্থান করছে রাজস্থান রয়্যালস। আগামীকাল দিল্লীতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচে মাঠে নামবে স্যামসন-মুস্তাফিজরা।