আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেও দেশে ফিরতে পারেননি অস্ট্রেলিয়ান দুই ক্রিকেটার অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন। ভারতের বর্তমান পরিস্থিতিতে আতঙ্ক ও ঝুঁকি এড়াতে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন রাজস্থান রয়্যালস পেসার অ্যান্ড্রু টাই ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুই ক্রিকেটার অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন।
টাই দেশে ফিরতে পারলেও ভারতেই আটকে আছেন জাম্পা-রিচার্ডসন, তাদের দেশে ফেরাই অনিশ্চিত। করোনা ছড়িয়ে পড়া রোধে ১৫ মে পর্যন্ত ভারত থেকে সব ধরণের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়ার সরকার, পরিস্থিতি বিবেচনায় তা আরও বাড়তে পারে। এমন প্রেক্ষাপটে আইপিএলে খেলা দেশটির ক্রিকেটারদের দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, এই ঝামেলা থেকে দূরে থাকতেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে দেশে ফিরতে চেয়েছিলেন অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন।
অ্যান্ড্রু টাই দেশে ফিরে সিডনিতে কোয়ারেন্টাইন পর্ব কাটাচ্ছেন, অন্যদিকে সরকারের অনুমতি না পাওয়ায় আজ ভোরে চার্টার্ড ফ্লাইটে দোহার উদ্দেশ্যে মুম্বাই ছাড়া হয়নি অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসনের। কবে তারা দেশে ফিরতে পারবেন এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছুই বলতে পারেননি অস্ট্রেলিয়ার ক্রীড়া মন্ত্রী রিচার্ড কলবেক। এবিসি রেডিওকে কলবেক বলেন, “এই বিরতির অন্যতম কারণ হলো ভারতের সার্বিক পরিস্থিতি, ক্রিকেটারদের (চার্টার্ড ফ্লাইটের অনুমোদনের) বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তবে আটকে পড়া দুই ক্রিকেটারের বিষয়ে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে ফেডারেল সরকার, ক্রিকেট অস্ট্রেলিয়া ও এসিএর সাথে আলোচনা হচ্ছে।” অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জাম্পা ও রিচার্ডসনের উদ্বেগের বিষয়টি উল্লেখ করে বলেন, “আমরা তাদের সাথে নিরবচ্ছিন্নভাবে আলোচনা করেছি, আপনি ধারণা করতে পারছেন যে তারা একটি কঠিন অবস্থার মধ্যে আছে। তারা দেশে ফিরতে চেয়েছিলেন এবং দেশে ফেরা নিয়ে তারা খুবই উদ্বিগ্ন।”
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ভারতে অবস্থানরত অস্ট্রেলিয়ানদের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন, সেই সাথে তাদের ফেরার ব্যবস্থাও নিজেদেরই করতে বলেছেন। যে কারণে সরকারের কাছ থেকেও খুব একটা সহযোগিতা পাবে না ক্রিকেটাররা। তবে যে শঙ্কা থেকে আইপিএল ছাড়লেন জাম্পা ও রিচার্ডসন, সেই শঙ্কাতেই আটকা পড়ে গেলেন তারা।













































